31.7 C
Kolkata

ধর্মতলায় NEET-অশান্তিতে গুন্ডাদমন আইন প্রয়োগের নির্দেশ মুখ্যমন্ত্রীর

Must Read

কলকাতা: ধর্মতলায় (Dharmatala) NEET প্রশ্নফাঁসের প্রতিবাদ ঘিরে হওয়া অশান্তির ঘটনায় কড়া অবস্থান নিল রাজ্য সরকার। শনিবার বিধানসভায় মুখ্যমন্ত্রী জানান, ঘটনায় ইতিমধ্যেই ৭০ জনকে চিহ্নিত করা হয়েছে এবং তাঁদের বিরুদ্ধে গুন্ডাদমন আইন (Anti-Goonda Act) প্রয়োগ করা হয়েছে। হেয়ার স্ট্রিট ও এন্টালি থানায় মোট সাতটি মামলা দায়ের হয়েছে বলেও জানান তিনি।

মুখ্যমন্ত্রীর বক্তব্য, আন্দোলন শুরুর আগে পুলিশকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছিল যাতে শান্তিপূর্ণ বিক্ষোভে কোনও বাধা না দেওয়া হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না গেলে বলপ্রয়োগ না করা হয়। তাঁর দাবি, শুরুতে মিছিল শান্তিপূর্ণ থাকলেও ডোরিনা ক্রসিং এলাকায় পৌঁছনোর পর একাংশ পুলিশের দিকে জুতো, ইট এবং জলের বোতল ছুড়তে শুরু করে। এরপর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

আরও পড়ুন: বিধানসভায় আজ সিএজি-র ২৮ রিপোর্ট পেশ, সেবাশ্রয় বিতর্কে মুখ খুলবেন শুভেন্দু!

বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, পুলিশের ভূমিকা ছিল যথেষ্ট সংযত। দায়িত্বে থাকা পুলিশকর্মীদের ধন্যবাদ জানিয়ে তিনি দাবি করেন, চিহ্নিত ব্যক্তিদের কেউই ছাত্র নন। তিনি রাজাবাগানের আফরোজ, খিদিরপুরের নাহিদ এবং মোমিনপুরের তনভির ইকবালের নাম উল্লেখ করে বলেন, তাঁদের বিরুদ্ধে কঠোরতম আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মুখ্যমন্ত্রী আরও বলেন, গুন্ডাদমন আইন প্রণয়নের উদ্দেশ্যই ছিল এই ধরনের ঘটনায় দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়া। তাঁর কথায়, ‘‘এমন ব্যবস্থা নেওয়া হবে যাতে এক পুরুষ নয়, তিন পুরুষ এই ঘটনার কথা মনে রাখে।’’

শুক্রবার ধর্মতলায় NEET প্রশ্নফাঁসের প্রতিবাদে ছাত্র সংগঠনগুলির ডাকা কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযোগ, পুলিশের দিকে ইট, জুতো ও বোতল ছোড়া হয়। পাল্টা লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। ঘটনায় কয়েক জন সাংবাদিকও আহত হন বলে জানা গিয়েছে। ঘটনার তদন্ত চলছে।

Latest News

কানাডায় ভারতীয় তরুণীকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ, গ্রেফতার প্রেমিক

ওয়েব ডেস্ক: কানাডার (Canada) এডমন্টনে ২৩ বছরের এক ভারতীয় তরুণীর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম দমনপ্রীত কৌর। পঞ্জাবের...

More Articles Like This