ওয়েব ডেস্ক : উৎসবের মরশুমে উত্তরবঙ্গের বন্ধ চা বাগানের শ্রমিকদের জন্য আর্থিক সহায়তার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। কর্মহীন শ্রমিকদের পরিবার পিছু ৫ হাজার টাকা এবং অতিরিক্ত ৫০ কেজি চাল দেওয়া হবে। বুধবার নবান্নে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। দুর্গাপুজো থেকে ছটপুজো পর্যন্ত এই সুবিধা পাবেন সংশ্লিষ্ট শ্রমিকরা।
সরকারি তথ্য অনুযায়ী, ২০২৩ সালের জানুয়ারি থেকে উত্তরবঙ্গের ২১টি চা বাগান বন্ধ রয়েছে। এর জেরে কাজ হারিয়েছেন ১৯ হাজার ৫২৪ জন শ্রমিক। ৬০ বছরের কম বয়সি যে শ্রমিকরা বাগান বন্ধ থাকার কারণে কর্মহীন হয়ে পড়েছেন, তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৫ হাজার টাকা করে পাঠানো হবে। শ্রম দফতরের মাধ্যমে এই অর্থ দেওয়া হবে।
আরও খবর : সিপিএমের বইয়ের স্টল বিতর্কে নতুন মোড়, সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে রাজ্য
মুখ্যমন্ত্রীর বলেন, “মানবিক সরকারের পক্ষ থেকে ছোট পদক্ষেপ। ১৯ হাজার ৫২৪ জনের অ্যাকাউন্টে ৫ হাজার টাকা দেওয়া হবে। পরিবার পিছু ৫০ কেজি চাল পাবেন তাঁরা। এঁরা বেতনই পাচ্ছেন না, বোনাসের প্রশ্ন নেই। তাই সরকার এই পদক্ষেপ নিল।”
অন্যদিকে, রাজ্যে কর্মসংস্থানের ক্ষেত্রেও বড় ঘোষণা করেছে রাজ্য সরকার। মন্ত্রিসভার বৈঠকে মোট ৪৫ হাজার ১৮৫টি পদে নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে স্কুলশিক্ষা দফতরে ৩৩ হাজার ১৯৯টি, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরে ৭ হাজার ১১৯টি, কারিগরি শিক্ষা দফতরে ১ হাজার ৮৮৬টি এবং পুলিশ বিভাগে ৯৪৬টি পদ রয়েছে। অর্থ দফতরের অনুমোদনের পর নিয়ম মেনে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
