নীরব গল্পে জীবনের গভীর খোঁজ দেবে ‘সব খবরই বিশেষ নয়’

0
52

কলকাতা: সব খবর শিরোনাম হয় না। কিন্তু কিছু গল্প নিঃশব্দেই বদলে দেয় জীবনের মানে। সেই দর্শনকেই পর্দায় তুলে ধরছে কুমার চৌধুরীর নতুন ছবি ‘সব খবরই বিশেষ নয়’ (This is not Breaking News)। রিয়েলিস্টিক সোশাল ড্রামা ঘরানার এই ছবিতে উঠে এসেছে শোক, স্মৃতি আর জীবনকে নতুন করে খুঁজে পাওয়ার গল্প।

গল্পের মূল দুই চরিত্র অমল ও লোপা। দু’জন মানুষ, যারা নিজেদের অতীতের ভার নিয়েই বেঁচে আছেন। অমলের মনে বাবাকে ঘিরে অস্পষ্ট স্মৃতি, আর লোপা সচেতনভাবে এড়িয়ে চলেন সেই স্মৃতি। তার উপর দশ বছর আগে সন্তান হারানোর যন্ত্রণা তাঁদের জীবনকে আরও শূন্য করে দিয়েছে।

আরও পড়ুন: ‘ধুরন্ধর’-এর ‘বড়ে সাহাব’ কি দাউদ ইব্রাহিম? রণবীরের ‘সুপারহিট’ সিনেমায় বড় চমক

২০২০ সালের অনিশ্চয়তায় ভরা সময়কে পটভূমি করে গল্প এগোয়। কলকাতা থেকে গ্রামের বাড়িতে মাকে আনতে বেরোনোর পথে বীরপুরে থামে তাঁদের যাত্রা। যেখানে অমলের বাবার মৃত্যু হয়েছিল কুড়ি বছর আগে। সেই পথচলায় কিছু অচেনা মানুষের সঙ্গে আলাপচারিতাই খুলে দেয় জীবনের অন্য এক জানালা।

মৃত্যু, অনিশ্চয়তা আর ভয়ের আবহেও মানুষ কীভাবে ভেঙে না পড়ে, বরং ঘুরে দাঁড়ায়। এই ছবির মূল সুরের বুনন সেখানেই। ভালোবাসা, বিশ্বাস আর মানবিকতার শক্তিই এখানে শেষ কথা বলে।

ছবিতে অভিনয় করেছেন প্রসূন গাইন, পিয়ালি দাস, দেবপ্রসাদ হালদার, রণজয় ভট্টাচার্য, রঞ্জিনী চট্টোপাধ্যায়, সিপ্রা লাহিড়ি ও কাজল শম্ভু। প্রযোজনায় প্রসূন মুখার্জি। সম্পাদনায় প্রদীপ্ত ভট্টাচার্য, চিত্রগ্রহণে মানস ভট্টাচার্য এবং সঙ্গীত পরিচালনায় মেঘ ব্যানার্জি। ছবিতে গান গেয়েছেন ঋতব্রত সরকার।

উল্লেখ্য, মুক্তির আগেই আন্তর্জাতিক চলচ্চিত্রমহলে নজর কেড়েছে এই ছবি। Kuala Lumpur International Film Academy Awards, New Jersey Indian and International Film Festival, A Royal Chance Film Festival এবং Jagran Film Festival-এ অফিসিয়ালি সিলেক্টেড হয়েছে এটি। এই শুক্রবার নন্দন ২-এ মুক্তি পেয়েছে ‘সব খবরই বিশেষ নয়’। যে ছবি মনে করিয়ে দেয়, সব খবর ব্রেকিং না হলেও, কিছু গল্প চিরকাল থেকে যায় হৃদয়ের ভেতর।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here