জুতো পরে নয়, চটি-স্যান্ডেলে পরীক্ষাকেন্দ্রে! কড়া নির্দেশে দিল SSC

0
68

কলকাতা: এসএসসি নিয়োগ (SSC Recruitment) পরীক্ষাকে স্বচ্ছ ও নিরাপদ রাখতে একাধিক কড়া পদক্ষেপ নিল রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (School Service Commission)। আগামী গ্রুপ-সি ও গ্রুপ-ডি নিয়োগ পরীক্ষার আগে নতুন করে বিধিনিষেধ জারি করেছে কমিশন। সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ, পরীক্ষার্থীরা জুতো, সু বা বুট পরে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। পরিবর্তে হাওয়াই চটি বা সাধারণ স্যান্ডেল পরে আসতে হবে।

কমিশন সূত্রে জানা গিয়েছে, পরীক্ষাকেন্দ্রে মোবাইল বা ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে প্রবেশ আগেই নিষিদ্ধ ছিল। তবে সাম্প্রতিক কিছু পরীক্ষায় দেখা গিয়েছে, পরীক্ষার্থীরা জুতো বা বুটের ভিতরে, এমনকি মোজার ভিতরে মোবাইল লুকিয়ে কেন্দ্রে ঢোকার চেষ্টা করেছেন। সেই প্রবণতা রুখতেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে কড়া নজরদারির পাশাপাশি পোশাক সংক্রান্ত বিধিতেও বদল আনা হয়েছে।

আরও পড়ুন: সাহিত্য জগতে নক্ষত্রপতন! না ফেরার দেশে ‘চৌরঙ্গী’র স্রষ্ঠা শংকর!

উল্লেখ্য, আগামী ১ মার্চ ও ৮ মার্চ রাজ্যে এসএসসি-র গ্রুপ-সি ও গ্রুপ-ডি নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। কমিশন সূত্রে খবর, গ্রুপ-সি পরীক্ষায় প্রায় ৮ লক্ষ ১৩ হাজার এবং গ্রুপ-ডি পরীক্ষায় প্রায় ৮ লক্ষ ২০ হাজার পরীক্ষার্থী অংশ নেবেন। এ জন্য রাজ্যজুড়ে প্রায় ১,৭০০টি পরীক্ষাকেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে। গ্রুপ-সি নিয়োগের লিখিত পরীক্ষা হবে ৬০ নম্বরের এবং সময়সীমা ১ ঘণ্টা ৫০ মিনিট। গ্রুপ-ডি-র লিখিত পরীক্ষা হবে ৪০ নম্বরের, সময় ১ ঘণ্টা ২০ মিনিট। দু’টি পরীক্ষাই শুরু হবে দুপুর ১২টা থেকে। পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রে পৌঁছনোর পরামর্শ দিয়েছে কমিশন। নতুন বিধিনিষেধ মেনে চলতে না পারলে পরীক্ষায় বসতে সমস্যায় পড়তে হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here