ওয়েব ডেস্ক : চোরবাগান সর্বজনীন দুর্গাপুজো মণ্ডপে পদপিষ্টের (Kolkata Chorbagan Stampede) ঘটনার তদন্তে বিশেষ তদন্তকারী দল গঠনের উদ্যোগ নেওয়া হল। কলকাতা হাই কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে এই তদন্ত হবে। তদন্তকারী বিচারপতির নাম ঠিক করবেন হাই কোর্টের প্রধান বিচারপতি। তদন্তে সহায়তা করবে সিআইডি এবং কলকাতা পুলিশের বিভিন্ন বিভাগ। পাশাপাশি, প্রয়োজনীয় তথ্যপ্রমাণ সংগ্রহ ও বিশ্লেষণে সাহায্য করবে ফরেনসিক বিভাগ।
ইতিমধ্যেই দুর্ঘটনাস্থল থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করা হয়েছে। ঘটনার নেপথ্যে কী পরিস্থিতি তৈরি হয়েছিল, তা জানতে প্যান্ডেলের নিরাপত্তা ও ব্যবস্থাপনার একাধিক দিক খতিয়ে দেখবে বিশেষ তদন্তকারী দল।
আরও খবর : চোরবাগানকাণ্ডে প্রাণ গেল বরানগরের দম্পতি দিলীপ ও দীপালির, শোকের ছায়া এলাকায়
ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থা যথাযথ ছিল কি না, পুজো মণ্ডপে প্রবেশ ও বেরনোর পথে পর্যাপ্ত প্রস্তুতি ছিল কি না, দর্শনার্থীদের জন্য জরুরি ঘোষণা করার ব্যবস্থা রাখা হয়েছিল কি না—সবই তদন্তের আওতায় থাকবে। একই সঙ্গে প্যান্ডেল তৈরির কাজে কোনও গাফিলতি ছিল কি না, প্রয়োজন অনুযায়ী পুলিশ মোতায়েন করা হয়েছিল কি না এবং বেসরকারি নিরাপত্তা সংস্থার দায়িত্ব পালনে কোনও ত্রুটি ছিল কি না, তাও খতিয়ে দেখা হবে।
অন্যদিকে, ঘটনার তদন্তে ইতিমধ্যেই চোরবাগান পুজো এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে কলকাতা পুলিশ। সেই ফুটেজ এবং ঘটনাস্থল থেকে পাওয়া নমুনা পরীক্ষা দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হবে।
চোরবাগানের এই মর্মান্তিক ঘটনার পর ভিড় নিয়ন্ত্রণ ও পুজো মণ্ডপের নিরাপত্তা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। বিশেষ তদন্তকারী দলের অনুসন্ধানে কী কী ত্রুটি সামনে আসে, এখন সেদিকেই নজর।
