ওয়েব ডেস্ক : প্রায় ২৪ ঘণ্টা আটক থাকার পর আদালতের নির্দেশে মুক্তি পেলেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে (Abhijeet Dipke)। শনিবার দিল্লির একটি আদালত শর্তসাপেক্ষে তাঁর মুক্তির নির্দেশ দেয়। ৫০ হাজার টাকার বন্ড জমা দেওয়ার পাশাপাশি জামিনে মুক্তি দেওয়ার আগে একটি বন্ড পেপারে সই করতেও বলা হয়েছে তাঁকে। আদালতে শুনানির পর মন্দির মার্গ থানার বাইরে বেরিয়ে আসেন তিনি।
মুক্তির পর সোশ্যাল মিডিয়ায় নিজের প্রতিক্রিয়া জানান অভিজিৎ। শাহরুখ খান অভিনীত ‘বীর-জারা’ ছবির একটি দৃশ্য পোস্ট করেন তিনি। ছবিতে দীর্ঘ ২২ বছর পাকিস্তানের জেলে থাকার পর মুক্তি পান শাহরুখের চরিত্র। সেই ছবির সঙ্গে অভিজিৎ লেখেন, “ওয়াই-ফাই আর ফোন ছাড়া ২৪ ঘণ্টা কাটিয়ে জেল থেকে বেরোনোর অনুভূতি।”
শুক্রবার দিল্লির কনট প্লেসে জাতীয় পতাকা নিয়ে ‘লহরা দো তিরঙ্গা’ মিছিলে যোগ দেওয়ার পরিকল্পনা ছিল অভিজিৎ ও অন্য আন্দোলনকারীদের। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআরের বিরুদ্ধে প্রতিবাদ এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পদত্যাগের দাবিতে এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল। মিছিলের আগেই অভিজিৎ ও অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরাকে আটক করে পুলিশ।
আরও খবর : গ্রেটার নয়ডায় একই পরিবারের ৫ জনের রহস্যমৃত্যু, মৃত তিন শিশুও
পুলিশের দাবি, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তাঁদের আটক করা হয়েছিল। পরে অভিজিৎকে শান্তিশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নতুন একটি মামলায় গ্রেফতার করা হয়। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১২৬ ও ১৭০ ধারায় তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। অন্যদিকে, প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর শনিবার ভোরে মুক্তি পান নেহা বোরাও।
