ওয়েব ডেস্ক : পাঁচ বছরের মেয়েকে খুনের অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে। নিউ ইয়র্কের (New York) কুইন্স এলাকার সাউথ রিচমন্ড হিলে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, মৃত শিশুর নাম ফ্যাবিয়ানা ক্যাবেলো। এই ঘটনায় তার ৩০ বছরের মা ফ্রান্সিস ক্যাবেলোকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটলেও শনিবার তা প্রকাশ্যে আসে।
পুলিশ সূত্রে খবর, বুধবার বাড়িতে খেলাধুলো করছিল ফ্যাবিয়ানা। অভিযোগ, মেয়ের ছোটাছুটি দেখে বিরক্ত হয়ে তাকে দোতলার একটি ঘরে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দেন ফ্রান্সিস। প্রায় ৪৫ মিনিট পর তিনি একাই ঘর থেকে বেরিয়ে আসেন। এরপর ৯১১ নম্বরে ফোন করে পুলিশকে জানান, তিনি তাঁর মেয়েকে হত্যা করেছেন।
আরও খবর : বাংলাদেশে সমুদ্রসৈকতের রিসর্টে ভয়াবহ আগুন, ঝলসে মৃত্যু ১০ জনের
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। বাড়ির নীচে ফ্রান্সিসকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তিনি পুলিশকে জানান, তাঁর মেয়ে উপরে রয়েছে এবং তার শ্বাসপ্রশ্বাস বন্ধ হয়ে গিয়েছে। পুলিশ দ্রুত দোতলার শোওয়ার ঘরে গিয়ে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। তার নাক ও মুখ দিয়ে রক্ত বেরোচ্ছিল বলে জানা গিয়েছে। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এরপর শিশুটির দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। কী কারণে এই ঘটনা ঘটল, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তের মানসিক স্বাস্থ্য সংক্রান্ত বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। ফ্রান্সিসের বাবার দাবি, তাঁর মেয়ে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং তাঁর চিকিৎসা চলছিল। ঘটনার প্রায় তিন মাস আগে তিনি ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছিলেন বলেও দাবি করেছেন বাবা।
