ওয়েব ডেস্ক : দুর্গাপুজো (Durga Puja) মানেই নতুন ভাবনা, অভিনব থিম আর শিল্পের অনন্য উপস্থাপনা। প্রতি বছরই পুজোর মণ্ডপে দর্শনার্থীদের আকৃষ্ট করতে নানা ধরনের পরিকল্পনা করেন উদ্যোক্তারা। সেই তালিকায় এ বার বিশেষ নজর কাড়তে চলেছে মালদার (Malda) হরিশ্চন্দ্রপুরের ডেলি মার্কেট ঘোষপাড়া সার্বজনীন দুর্গাপুজো কমিটি। এ বছরের পুজোয় তাদের অভিনব থিম ‘রসগোল্লা তুমি কার?’। বাঙালির প্রিয় মিষ্টি রসগোল্লাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের ঐতিহাসিক জয়ের কাহিনি তুলে ধরার উদ্যোগ নিয়েছেন পুজো উদ্যোক্তারা।
রসগোল্লা নিয়ে বাংলা ও ওড়িশার মধ্যে দীর্ঘদিন ধরে বিতর্ক চলেছিল। এই মিষ্টির উৎপত্তি ও পরিচয় নিয়ে দুই রাজ্যের মধ্যে আইনি লড়াইও হয়। অবশেষে ২০১৭ সালের ১৪ নভেম্বর পশ্চিমবঙ্গের রসগোল্লা জিআই স্বীকৃতি পায়। সেই ঐতিহাসিক ঘটনাকেই এ বছরের পুজোর মূল ভাবনা হিসেবে বেছে নিয়েছেন ডেলি মার্কেট ঘোষপাড়া সার্বজনীন দুর্গাপুজো কমিটির সদস্যরা।
আরও খবর : গঙ্গাসাগরে সমুদ্রে টর্নেডোর তাণ্ডব, আতঙ্কে পুণ্যার্থী ও স্থানীয়রা
শুধু রসগোল্লার নাম বা তার ইতিহাস তুলে ধরাই নয়, এই মিষ্টি তৈরির প্রক্রিয়াকেও মণ্ডপের থিমের মাধ্যমে দর্শনার্থীদের সামনে তুলে ধরার পরিকল্পনা করা হয়েছে। ফলে পুজো দেখতে এসে দর্শনার্থীরা একদিকে যেমন উপভোগ করতে পারবেন শিল্পভাবনা, অন্যদিকে তেমনই জানতে পারবেন রসগোল্লাকে ঘিরে বাংলার ঐতিহাসিক লড়াই ও সাফল্যের কথা। বাঙালির খাদ্যসংস্কৃতি এবং ঐতিহ্যকে দুর্গাপুজোর সঙ্গে মিলিয়ে দেওয়ার এই উদ্যোগ কতটা নজর কাড়ে, এখন সেটাই দেখার।
এই পুজোর আরও একটি বিশেষ দিক হল, উদ্যোক্তাদের মধ্যে রয়েছেন উল্লেখযোগ্য সংখ্যক মহিলা। পুজোর আয়োজন থেকে শুরু করে বিভিন্ন দায়িত্ব সামলানোর ক্ষেত্রেও তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মহিলাদের সক্রিয় অংশগ্রহণে পুজোর আয়োজন ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও উৎসাহ তৈরি হয়েছে।
এ বছর ডেলি মার্কেট ঘোষপাড়া সার্বজনীন দুর্গাপুজো কমিটির পুজো কুড়ি বছরে পা দিয়েছে। দুই দশকের এই পথচলায় এ বার নতুন ভাবনা নিয়ে দর্শনার্থীদের সামনে হাজির হতে চলেছেন উদ্যোক্তারা। তাঁদের আশা, অভিনব থিম এবং রসগোল্লার সঙ্গে বাংলার আবেগের যোগসূত্র এই পুজোকে অন্য মাত্রা দেবে। গত বছরের তুলনায় এ বার আরও বেশি দর্শনার্থীর সমাগম হবে বলেও আশাবাদী তাঁরা।
