পরিবহন ব্যবস্থার সংস্কারে বেসরকারি সংস্থাকে পাশে চায় সরকার, জানালেন পরিবহন মন্ত্রী অর্জুন সিং

Must Read

দেবাশীষ সেনগুপ্ত

সরকারের একার পক্ষে পরিবহন ব্যবস্থার আমূল পরিবর্তন সম্ভব নয়। আধুনিক ও উন্নত পরিবহন পরিকাঠামো গড়ে তুলতে বেসরকারি পরিবহণ সংস্থাগুলিকেও এগিয়ে আসতে হবে। সরকারি পরিবহন ব্যবস্থার সংস্কারে বেসরকারি উদ্যোগকে পাশে থাকার আহ্বান জানালেন রাজ্যের পরিবহনমন্ত্রী অর্জুন সিং (Arjun Singh)। একই সঙ্গে পরিবহন ক্ষেত্রে অনিয়মের বিরুদ্ধে কড়া অবস্থানের বার্তাও দিলেন তিনি।

বৃহস্পতিবার একটি বেসরকারি সংস্থা রয়্যাল ক্রুজারের ভলভো বাসের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হয়ে পরিবহনমন্ত্রী বলেন, রাজ্যের পরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক ও উন্নত করতে সরকার উদ্যোগী। তবে এই কাজে বেসরকারি সংস্থাগুলির সক্রিয় অংশগ্রহণ জরুরি। তাঁর কথায়, সরকার বেসরকারি পরিবহণ ব্যবসায়ীদের পাশে রয়েছে। তাঁরাও যেন সরকারের পাশে থেকে পরিবহন ব্যবস্থার উন্নয়নে সহযোগিতা করেন।

অনুষ্ঠানে সংস্থার কর্ণধার ধনঞ্জয় জানান, পরিবহন ব্যবসায় রাজ্য সরকারের কাছ থেকে সহযোগিতা পেয়েছেন তাঁরা। সেই সহযোগিতাকে সঙ্গে নিয়েই আগামী দিনে এই ক্ষেত্রে আরও বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। সংস্থার উদ্যোগে পর্যায়ক্রমে ৩০টি আরামদায়ক রয়্যাল ক্রুজার ভলভো বাস রাস্তায় নামানো হবে। প্রাথমিকভাবে দু’টি বাস চালু হচ্ছে। তার মধ্যে একটি কলকাতা থেকে পুরী এবং অন্যটি কলকাতা থেকে দীঘা যাতায়াত করবে। আগামী দিনে দেশের অন্যান্য রাজ্যেও এই পরিষেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলে সংস্থার তরফে জানানো হয়েছে।

আরও খবর :  ভিন্ন রাজনৈতিক মতাদর্শকে গুরুত্ব দেওয়া গণতন্ত্রের জন্য ফলপ্রসূ: বিচারপতি সৌগত ভট্টাচার্য

এদিন বাস পরিষেবার সূচনা করে পরিবহনমন্ত্রী পূর্ববর্তী সরকারের আমলে পরিবহন দপ্তরের অনিয়মের অভিযোগ তুলে সরব হন। তাঁর দাবি, আগের সরকারের সময় দপ্তরে অনিয়মের শিকড় গভীরে পৌঁছেছিল। বর্তমান সরকার এই ধরনের অনিয়মের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়েছে। ইতিমধ্যেই একাধিক পদাধিকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

পরিবহনমন্ত্রী আরও জানান, রাজ্যে এখনও প্রায় ১৪ লক্ষ গাড়ি বিনা রেজিস্ট্রেশনে চলছে। এই পরিস্থিতি কোনওভাবেই বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট বার্তা দেন তিনি। পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরানো এবং নিয়ম মেনে যানবাহন চলাচল নিশ্চিত করতে সরকার কঠোর অবস্থান নেবে বলেও ইঙ্গিত দেন মন্ত্রী।

একই সঙ্গে বেসরকারি পরিবহণ ব্যবসায়ীদের উদ্দেশে তাঁর আবেদন, পরিবহন ব্যবস্থার উন্নয়নে তাঁরা যেন সরকারের সঙ্গে সহযোগিতা করেন। সরকারের তরফে তাঁদের সব রকম সহযোগিতা করা হবে বলেও আশ্বাস দেন তিনি।

সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি বিনিয়োগের হাত ধরে রাজ্যের পরিবহন ব্যবস্থায় আধুনিক ও আরামদায়ক পরিষেবা কতটা প্রসারিত হয়, এখন সেদিকেই নজর পরিবহন মহলের।

Latest News

দিল্লিতে ফের আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে, তিরঙ্গা যাত্রার আগেই পদক্ষেপ পুলিশের

ওয়েব ডেস্ক : দিল্লিতে ফের আটক করা হল ককরোচ জনতা পার্টির (CJP) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে (Abhijeet Dipke)। শুক্রবার কনট...

More Articles Like This