ওয়েব ডেস্ক : কনসার্টে আপত্তিকর মন্তব্যের অভিযোগে নতুন করে আইনি জটিলতায় র্যাপার ইয়ো ইয়ো হানি সিং (Yo Yo Honey Singh)। তদন্তে সহযোগিতা না করার অভিযোগে তাঁর বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারির হুঁশিয়ারি দিয়েছে মহারাষ্ট্র সাইবার সেল (Cyber cell)। শুক্রবার, ১৬ অক্টোবর জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে হাজির হতে বলা হয়েছিল। কিন্তু হানি সিং ২২ অক্টোবর পর্যন্ত সময় চেয়ে আবেদন করেন। সেই আবেদন খারিজ করে দিয়েছে তদন্তকারী সংস্থা।
অভিযোগের সূত্রপাত দিল্লির একটি কনসার্টে গায়কের করা মন্তব্যকে ঘিরে। সেই অনুষ্ঠানের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর তাঁর বক্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়। অভিযোগকারীর দাবি, গানের পরিবেশনার সময় হানি সিং আপত্তিকর মন্তব্য করেছিলেন। গালিগালাজ সহকারে হানি সিংকে বলতে শোনা যায়, “উফফ, দিল্লিতে এমন ঠান্ডা! এই শীতে গাড়িতে সঙ্গমের মজাই আলাদা। তবে বন্ধুরা প্লিজ, কন্ডোম ব্যবহার করবেন। নিরাপদে থাকবেন।” এরপর মহারাষ্ট্র সাইবার পুলিশের কাছে অভিযোগ জমা পড়ে এবং তদন্ত শুরু হয়। তবে অভিযোগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি।
আরও খবর : প্রায় ১০০০ কর্মীকে ছাঁটাইয়ের পথে নেটফ্লিক্স!
রিপোর্ট অনুযায়ী, এর আগে একাধিকবার তলব করা হলেও হানি সিং হাজির হননি। তিনি বিদেশে থাকার কারণ দেখিয়ে সময় চেয়েছিলেন বলে জানা গিয়েছে। এবারও নির্ধারিত দিনে হাজির না হওয়ায় তাঁর বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারির সম্ভাবনার কথা জানিয়েছে সাইবার সেল।
