আমেরিকায় হিন্দু মন্দিরে হামলার ছক! অস্ত্র ও উগ্রবাদী ইস্তেহার-সহ গ্রেফতার ১৯ বছরের যুবক

Must Read

ওয়েব ডেস্ক : আমেরিকায় হিন্দু মন্দিরে (Hindu Temple) হামলার পরিকল্পনার অভিযোগে গ্রেফতার করা হল ১৯ বছরের এক যুবককে। ধৃতের নাম আলেকজান্দ্রোস পাপোরাকিস। ইলিনয়ের শিকাগোর কাছে অরোরা এলাকায় একটি হিন্দু উপাসনালয়কে নিশানা করার পরিকল্পনা করেছিলেন তিনি বলে তদন্তকারীদের অনুমান। তাঁর কাছ থেকে শ্বেতাঙ্গ আধিপত্যবাদী মতাদর্শে লেখা একটি ইস্তেহার উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ওই নথিতে ভারতীয় বংশোদ্ভূতদের বিরুদ্ধে হিংসার উল্লেখ ছিল বলেও অভিযোগ।

পুলিশ সূত্রে খবর, প্যালাটাইনের বাসিন্দা পাপোরাকিস পেশায় একটি টাকো বেল রেস্তরাঁর কর্মী। অন্য এক ব্যক্তির কাছ থেকে গণহত্যার পরিকল্পনা সংক্রান্ত অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করে পুলিশ। তদন্তকারীদের দাবি, অভিযুক্ত ওই ব্যক্তির সঙ্গে গণহামলার পরিকল্পনা সংক্রান্ত একটি নথি এবং রাইফেল, ম্যাগাজিন, বডি আর্মার-সহ বিভিন্ন সামরিক সরঞ্জামের ছবি ভাগ করে নিয়েছিলেন।

আরও খবর :  ইজরায়েলের নির্দেশ মানল এয়ার ফ্রান্স, ইজরায়েলগামী বিমানে কাজ করতে পারবেন না পাকিস্তানি ক্রুরা

তদন্তকারীদের অনুমান, গত ১১ অক্টোবর রবিবার হামলার পরিকল্পনা ছিল অভিযুক্তের। সম্ভাব্য নিশানা হতে পারত অরোরা এলাকার কোনও হিন্দু উপাসনালয়। তবে ঠিক কোন মন্দিরকে নিশানা করার পরিকল্পনা ছিল, তা এখনও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। অভিযোগ, নিজের কর্মস্থলেও সহকর্মীদের কাছে রবিবার দিনটিকে ‘বিশেষ দিন’ বলে উল্লেখ করেছিল পাপোরাকিস। রবিবার সকালে এক সহকর্মীকে ফোন করে সে জানিয়েছিলেন, তাঁর বন্দুকের যন্ত্রাংশ আটকে গিয়েছে এবং সে দ্রুত সেখান থেকে বেরিয়ে এসেছে।

প্যালাটাইন পুলিশের প্রধান উইলিয়াম নর্ড জানিয়েছেন, এই ধরনের হুমকির গুরুত্ব কোনওভাবেই কম করে দেখা যায় না। উপাসনালয়গুলির নিরাপত্তা নিশ্চিত করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যতম অগ্রাধিকার বলেও জানিয়েছেন তিনি।

তদন্তের অংশ হিসেবে অভিযুক্তের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি রাইফেল, একাধিক ভর্তি রাইফেল ম্যাগাজিন, কয়েকশো রাউন্ড অতিরিক্ত গুলি, কৌশলগত সরঞ্জাম এবং অন্যান্য সামগ্রী উদ্ধার করেছে পুলিশ। একটি বডি আর্মার-সহ কৌশলগত পোশাকও উদ্ধার হয়েছে, যাতে শ্বেতাঙ্গ আধিপত্যবাদী চরমপন্থার সঙ্গে সম্পর্কিত প্রতীক ছিল বলে দাবি তদন্তকারীদের।

অভিযুক্তের বিরুদ্ধে সন্ত্রাসবাদী হুমকি দেওয়া এবং বেআইনিভাবে অস্ত্র রাখার অভিযোগে মামলা দায়ের হয়েছে। যে অস্ত্রটি উদ্ধার হয়েছে, সেটির ব্যারেলের দৈর্ঘ্য ১৬ ইঞ্চির কম বলে জানিয়েছে পুলিশ। তদন্তে এফবিআইয়ের সঙ্গেও কাজ করছে প্যালাটাইন পুলিশ। আরও কোনও অভিযোগ যুক্ত হবে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনার পর অরোরা, প্যালাটাইন এবং মাউন্ট প্রসপেক্ট এলাকার হিন্দু উপাসনালয়গুলিকে সতর্ক করা হয়েছে। শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী বা বালাজি মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, তারা অরোরা পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছে। ভক্ত, কর্মী ও স্বেচ্ছাসেবকদের নিরাপত্তার কথা মাথায় রেখে মন্দিরে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত সশস্ত্র নিরাপত্তারক্ষীর উপস্থিতি বাড়ানো হয়েছে বলেও জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ। হিন্দু আমেরিকান ফাউন্ডেশনও পুলিশের দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছে। পাশাপাশি, যে কোনও সম্ভাব্য হুমকির বিষয়ে সতর্ক থাকতে এবং তা প্রশাসনকে জানানোর জন্য সাধারণ মানুষের কাছে আবেদন জানিয়েছে সংগঠনটি। আগামী ৩০ অক্টোবর মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা।

Latest News

আমেরিকার শিকাগো বিশ্ববিদ্যালয়ে যৌন নির্যাতনের অভিযোগ!

ওয়েব ডেস্ক : আমেরিকার (America) আরও এক অভিজাত বিশ্ববিদ্যালয়ে যৌন নির্যাতনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। শিকাগো বিশ্ববিদ্যালয়ের আলফা এপসিলন...

More Articles Like This