ওয়েব ডেস্ক : কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উপর হামলার ঘটনা নিয়ে মুখ খুলল কলকাতা পুলিশ। পুলিশ কমিশনার অজয় নন্দার বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার অভিযোগ সত্যি নয়। তাঁর দাবি, ওই তরুণী প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছিলেন। অভিযুক্তের বাবা মমতার পূর্ব পরিচিত বলেও জানিয়েছেন তিনি।
মঙ্গলবার তৃতীয়ার সন্ধ্যায় কালীঘাটের বাড়ি থেকে বেরোনোর সময় অনুসূয়া সাহা নামে এক তরুণীকে ঘিরে ঘটনাটি ঘটে। অভিযোগ, নিজেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝি পরিচয় দিয়ে তাঁর কাছে যাওয়ার চেষ্টা করেন ওই তরুণী। মমতাকে ‘পিসি’ বলে ডাকার পাশাপাশি তাঁর শাড়ি ধরে টান দেওয়ার অভিযোগও ওঠে। উপস্থিত লোকজন তরুণীকে ধরে ফেলেন। তাঁর কাছ থেকে ছুরি উদ্ধারের অভিযোগও সামনে আসে।
আরও খবর : পূজাবকাশ কালীন বেঞ্চ ডামপিং গ্রাউন্ড নয়: হাইকোর্ট
ঘটনার পর অনুসূয়াকে আটক করা হয়। পরে দোলা সেন অভিযোগ জানান এবং তরুণীকে গ্রেফতার করা হয় বলে জানা গিয়েছে। প্রাথমিকভাবে তাঁর নেশাগ্রস্ত থাকার কথাও সামনে এসেছিল। তবে গোটা ঘটনাকে হামলা হিসেবে দেখতে নারাজ কলকাতা পুলিশ কমিশনার।
বলে রাখা দরকার, অনুসূয়া সাহা পেশায় সিভিক ভলান্টিয়ার। ২০১১ সালে পশ্চিম বন্দর থানা থেকে তাঁর কর্মজীবন শুরু হয়েছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তবে গত প্রায় এক বছর ধরে তিনি ডিউটিতে আসছিলেন না। এই বিষয়টি কমিশনারও স্বীকার করেছেন। তবে হামলার অভিযোগ মানতে নারাজ কমিশনার।
ঘটনা ঘিরে অভিযোগ ও পুলিশের বক্তব্য সামনে আসার পর এখন নজর তদন্তের পরবর্তী পদক্ষেপের দিকে। কালীঘাটের ওই ঘটনার প্রকৃত পরিস্থিতি সম্পর্কে তদন্তে আর কী তথ্য উঠে আসে, সেটাই দেখার।
