জলপাইগুড়ি: ঐতিহ্যের ৭৫ বছর। সেই বিশেষ মুহূর্তকে স্মরণীয় করে তুলতে দক্ষিণ ভারতীয় মন্দিরের আদলে তৈরি হয়েছে নজরকাড়া মণ্ডপ। আর এই অভিনব মণ্ডপসজ্জাকে ঘিরেই দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্র হয়ে উঠতে চলেছে জলপাইগুড়ির (Jalpaiguri) অরবিন্দনগর জাগ্রত সংঘের সার্বজনীন দুর্গাপুজো (Durga puja)। বুধবার আনুষ্ঠানিকভাবে এই পুজোর উদ্বোধন হয়।
পুজো কমিটি সূত্রে জানা গিয়েছে, কলকাতার শিল্পীদের পরিকল্পনায় দক্ষিণ ভারতের মন্দিরের আদলে সাজিয়ে তোলা হয়েছে মণ্ডপ। স্থাপত্যের অভিনবত্ব ও নান্দনিক উপস্থাপনার মাধ্যমে দর্শনার্থীদের মন জয় করাই উদ্যোক্তাদের লক্ষ্য। পুজোর দিনগুলিতে মণ্ডপ দর্শনের পাশাপাশি থাকছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।
আরও খবর : বন্ধ চা বাগানের শ্রমিকদের পুজোর উপহার, পরিবার পিছু ৫ হাজার টাকা ও ৫০ কেজি অতিরিক্ত চাল
শুধু উৎসব উদযাপন নয়, সামাজিক দায়বদ্ধতার দিকেও নজর রেখেছেন পুজোর উদ্যোক্তারা। সেই ভাবনা থেকেই দুঃস্থ মানুষের হাতে বস্ত্র তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পুজোর আনন্দ সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতেও উদ্যোগী হয়েছে কমিটি।
বুধবারের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি সদর কেন্দ্রের বিধায়ক অনন্ত দেব অধিকারী-সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা। ৭৫ বছরের ঐতিহ্যকে সামনে রেখে এবারের পুজোকে আরও আকর্ষণীয় করে তুলতে একাধিক উদ্যোগ নিয়েছেন আয়োজকেরা। মণ্ডপের অভিনব সাজসজ্জা দেখতে এবারও দর্শনার্থীদের ভিড় জমবে বলে আশাবাদী পুজো কমিটি।
