ওয়েব ডেস্ক : ইজরায়েলের নতুন বিমান চলাচল সংক্রান্ত বিধিনিষেধ মেনে পাকিস্তানি পাইলট ও কেবিন ক্রুদের ইজরায়েলগামী বিমানে দায়িত্ব পালন থেকে বিরত রাখছে ফরাসি বিমান সংস্থা এয়ার ফ্রান্স। ইজরায়েলের নির্দেশিকায় ৩১টি দেশের নাগরিকদের উপর এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তালিকায় রয়েছে পাকিস্তান, ইরান, সৌদি আরব, আলজেরিয়া ও তিউনিসিয়ার মতো দেশ।
গত ৩০ সেপ্টেম্বর দুবাই থেকে তেল আভিভগামী ফ্লাইদুবাইয়ের একটি বিমানে নিরাপত্তা সংক্রান্ত ঘটনা ঘটেছিল। অভিযোগ, বিমানের এক ওমানি সহ-পাইলট ভারতীয় পাইলটকে আক্রমণ করে বিমানটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেন। পরে বিমানটি সৌদি আরবের তাবুক বিমানবন্দরে অবতরণ করে। তবে ফ্লাইদুবাইয়ের ঘটনার সঙ্গে ইজরায়েলের নতুন নির্দেশিকার সরাসরি যোগ রয়েছে কি না, তা স্পষ্ট নয়।
আরও খবর : পাকিস্তানে প্রকাশ্যে গুলিতে ঝাঁজরা লস্কর কমান্ডার!
এয়ার ফ্রান্স জানিয়েছে, যে দেশগুলিতে তারা বিমান চালায়, সেখানকার প্রবেশ সংক্রান্ত নিয়ম যাত্রী ও কর্মীদের ক্ষেত্রে মেনে চলতে হয়। সেই নিয়মের ভিত্তিতেই ইজরায়েলগামী বিমানে কর্মী নিয়োগের ক্ষেত্রে বিধিনিষেধ কার্যকর করা হচ্ছে বলে খবর।
তবে জাতীয়তার ভিত্তিতে বিমানকর্মীদের দায়িত্ব সীমিত করার সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এতে কর্মক্ষেত্রে বৈষম্য এবং কর্মীদের অধিকার লঙ্ঘনের আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞদের একাংশ।
