ওয়েব ডেস্ক : যন্তর মন্তরে (Jantar Mantar) বিক্ষোভস্থলের স্বীকৃতি প্রত্যাহার করেছে কেন্দ্র। আর তার পরের দিনই জাতীয় পতাকা হাতে লোহার গেট টপকে সেখানে ঢুকে বিক্ষোভ দেখালেন ককরোচ জনতা পার্টি বা সিজেপির (CJP) নেতা-কর্মীরা। মঙ্গলবার সকালে এই কর্মসূচিতে নেতৃত্ব দেন আশুতোষ রাঙ্কা (Ashutosh Ranka) ও সৌরভ দাস (Sourav Das)। পরে তাঁদের আটক করে দিল্লি পুলিশ। দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে সোশ্যাল মিডিয়ায় বিক্ষোভের ভিডিয়ো প্রকাশ করে এই খবর জানিয়েছেন।
প্রকাশিত ভিডিয়োয় দেখা গিয়েছে, হাতে তিরঙ্গা নিয়ে গেট টপকে যন্তর মন্তরে প্রবেশ করছেন সিজেপি কর্মীরা। তাঁদের মুখে শোনা যায় ‘ভারত মাতা কি জয়’ এবং ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান। পুলিশ তাঁদের বাধা দিতে গেলে সাময়িক উত্তেজনা তৈরি হয়। পরে বিক্ষোভকারীদের আটক করে সেখান থেকে সরিয়ে নিয়ে যায় পুলিশ বলে দাবি দলের প্রতিষ্ঠাতার।
আরও খবর : জ্ঞানেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা রাহুলের, মঙ্গলবার শুনানির সম্ভাবনা
যন্তর মন্তরকে (Jantar Mantar) বিক্ষোভস্থলের তালিকা থেকে বাদ দেওয়ার কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরোধিতা করেছেন অভিজিৎ দীপকে। তাঁর বক্তব্য, কোনও জায়গাকে বিক্ষোভস্থল হিসেবে চিহ্নিত না রাখলেই প্রতিবাদ থেমে যাবে না। বরং দেশের বিভিন্ন প্রান্তে আরও প্রতিবাদের কেন্দ্র তৈরি হবে বলেও দাবি করেছেন তিনি।
উল্লেখ্য, এত দিন কেন্দ্রীয় দিল্লির যন্তর মন্তর ছিল বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক প্রতিবাদ কর্মসূচির অন্যতম নির্দিষ্ট জায়গা। কেন্দ্রের সিদ্ধান্তের পর বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির জন্য নতুন তিনটি স্থান নির্দিষ্ট করা হয়েছে। সেগুলি হল রামলীলা ময়দান, বুরারি ময়দান এবং পূর্ব দিল্লির সিবিডি ময়দান। এই সিদ্ধান্তের পরেই ফের বিক্ষোভ দেখালেন সিজেপি নেতারা।
উল্লেখ্য, বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর বিতর্ককে কেন্দ্র করে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিরোধী ইন্ডি জোট এবং সিজেপির প্রতিবাদ কর্মসূচির মধ্যেই এই ঘটনা ঘটল। গত ১০ অক্টোবর থেকেই যন্তর মন্তরে নিরাপত্তা বাড়িয়েছে দিল্লি পুলিশ। সেখানে বিক্ষোভকারীদের প্রবেশেও বাধা দেওয়া হচ্ছে। এর আগে দিল্লিতে পৌঁছনোর পর সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে আটক করা হয়েছিল।
