ওয়েব ডেস্ক : চেন্নাইয়ে (Chennai) মেট্রো রেলের ফেজ ২-র নতুন অংশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রবিবার পুনামাল্লি থেকে ভাদাপালানি পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ পথে মেট্রো পরিষেবার সূচনা করেন তিনি। এই প্রকল্প তৈরিতে খরচ হয়েছে প্রায় ৪৯০০ কোটি টাকা। উদ্বোধনের পর তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ের সঙ্গে নতুন মেট্রোতে (Metro) সফরও করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকর।
মেট্রোর এই নতুন অংশটি দ্বিতীয় পর্যায়ের চতুর্থ করিডরের অন্তর্গত। গোটা পথে রয়েছে ১১টি মেট্রো স্টেশন। নতুন এই পরিষেবা চালু হলে চেন্নাইয়ের পশ্চিম প্রান্তের শহরতলির সঙ্গে শহরের কেন্দ্রীয় অংশের যোগাযোগ আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে। যাতায়াতের সময় কমার পাশাপাশি যানজটের চাপও কমতে পারে।
আরও খবর : ঠাকুমার শেষকৃত্যে বাড়ি ফিরছেন অভিজিৎ, মুক্তি পেয়েই আইনি পরামর্শ নিতে কপিল সিব্বলের বাড়ি ককরোচ নেতা
নতুন রুটে রয়েছে পুনামাল্লি বাইপাস, পুনামাল্লি বাস স্ট্যান্ড, পুনামাল্লি গভর্নমেন্ট হাসপাতাল, কারায়ানচাভাড়ি, কুমানানচাভাড়ি, কাট্টুপাক্কাম, আয়াপ্পানথাঙ্গল, থেল্লিয়ারাগরম, পোরুর বাইপাস, পোরুর জংশন এবং ভাদাপালানি স্টেশন। এই করিডরে প্রায় ৩.৭ কিলোমিটার দীর্ঘ ডাবল-ডেকার কাঠামোও রয়েছে। চালকবিহীন ট্রেন চালানোর উপযোগী আধুনিক সিগন্যাল ব্যবস্থাও রাখা হয়েছে।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবার বিকেল ৪টে থেকে রাত ৯টা পর্যন্ত নতুন পথে যাত্রী পরিষেবা চলবে। ১২ অক্টোবর থেকে প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত ট্রেন চলার কথা। দুই প্রান্তিক স্টেশন থেকেই শেষ ট্রেন ছাড়বে রাত ৯টায়। তবে শুধু মেট্রো প্রকল্পের উদ্বোধন নয়। এই সফরে প্রধানমন্ত্রী ১৩ হাজার কোটি টাকার বেশি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
