যন্তর মন্তরে যাওয়ার আগেই ধ্রুব রাঠীকে আটক! গুরুগ্রামের বাড়িতে পুলিশের হানা, দিল্লিতে উত্তেজনা

Must Read

নয়াদিল্লি: দিল্লিতে ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেওয়ার আগেই ইউটিউবার ধ্রুব রাঠীকে আটক করার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। শনিবার সকালে গুরুগ্রামের সেক্টর ৫৬-র কেন্দ্রীয় বিহার সোসাইটিতে তাঁর বাড়িতে পৌঁছয় পুলিশ। হিন্দুস্তান টাইমসকে গুরুগ্রাম পুলিশ জানিয়েছে, পুলিশের নির্দেশ অমান্য করার অভিযোগে ধ্রুবকে আটক করা হয়েছে।

দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ-সহ একাধিক দাবিতে শনিবার দিল্লির যন্তর মন্তরে প্রতিবাদের ডাক দিয়েছিল সিজেপি। সেই কর্মসূচিতে যোগ দেওয়ার কথা আগেই জানিয়েছিলেন ধ্রুব। অভিযোগ, তাঁকে যন্তর মন্তরে না যাওয়ার অনুরোধ করেছিল পুলিশ। কিন্তু তিনি সেই নির্দেশ মানেননি। তার পরেই তাঁকে আটক করা হয় বলে সূত্রের খবর।

এই কর্মসূচিকে কেন্দ্র করে দিল্লিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। প্রতিবেদনে দাবি করা হয়েছে, শুক্রবার রাত থেকে রাজধানীর ৪৫টি মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি বেশ কিছু মেল ও এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে। শহরের বিভিন্ন এলাকায় পুলিশ ও কেন্দ্রীয় আধাসেনা মোতায়েন রয়েছে। জমায়েত ঠেকাতে মাইকিংও করা হচ্ছে।

দিল্লির একাধিক এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা জারি রয়েছে। প্রতিবাদ কর্মসূচির অনুমতি দেয়নি পুলিশ। সংবাদসংস্থা পিটিআইয়ের খবর অনুযায়ী, অন্তত ১৫০ জনকে আটক করা হয়েছে। অন্য দিকে, ইন্ডিয়ান এক্সপ্রেস-এর প্রতিবেদনে আটকের সংখ্যা হাজার ছাড়ানোর দাবি করা হয়েছে। জনপথ ও কর্তব্যপথের সংযোগস্থলের চার কিলোমিটার ব্যাসার্ধের এলাকায় ইন্টারনেট পরিষেবাও বন্ধ রাখার খবর মিলেছে।

ধ্রুবের আটকের ঘটনায় সিজেপি সমাজমাধ্যমে পুলিশের পদক্ষেপের নিন্দা করেছে। দলের প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক অভিজিৎ দীপকে মুম্বই থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছেন। তাঁকে আটক করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করলেও আন্দোলন চালিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন তিনি।

জ্ঞানেশ কুমারের পদত্যাগের পাশাপাশি ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রত্যাহার এবং নির্বাচন কমিশনারদের নিয়োগ সংক্রান্ত আইন পরিবর্তনের দাবিও তুলেছে সিজেপি। এই পরিস্থিতিতে দিল্লিতে প্রতিবাদ কর্মসূচি ঘিরে উত্তেজনা আরও বেড়েছে।

 

Latest News

এক ফোনেই হাজির হবে পুলিশ! মহালয়ায় বাংলায় চালু ১১২ পরিষেবা, বাহিনীতে যুক্ত হয়েছে ৪৫০ গাড়ি

ওয়েব ডেস্ক : জরুরি পরিস্থিতিতে পুলিশের সাহায্য পেতে আর দীর্ঘক্ষণ অপেক্ষা নয়। এক ফোনেই যাতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যেতে...

More Articles Like This