পুজোর মুখেই বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি! বাংলায় কবে বৃষ্টি, কবে শুকনো আবহাওয়া? জানাল হাওয়া অফিস

Must Read

কলকাতা: পুজোর আগে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা ঘিরে আবহাওয়ার দিকে নজর রাখছেন রাজ্যবাসী। থাইল্যান্ড উপসাগরে তৈরি হওয়া একটি ঘূর্ণাবর্ত ১১ অক্টোবরের মধ্যে আন্দামান সাগরে পৌঁছতে পারে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ১৩ অক্টোবর নাগাদ সেটি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হতে পারে। পরে তা উত্তর তামিলনাড়ু ও দক্ষিণ অন্ধ্রপ্রদেশের দিকে এগোতে পারে।

তবে এই নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গে পুজোর সময় বড়সড় দুর্যোগের আশঙ্কা আপাতত নেই বলেই পূর্বাভাসে ইঙ্গিত দেওয়া হয়েছে। ১০ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় মূলত শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা। দু-এক জায়গায় অতি হালকা বৃষ্টি হতে পারে।

১৪ অক্টোবর কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের কিছু এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় প্রায় ৩০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

১৫ থেকে ১৭ অক্টোবর উপকূলবর্তী জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ফলে পুজোর শুরুর দিকে আবহাওয়া অনুকূল থাকলেও মাঝের কয়েকটি দিনে ছাতা সঙ্গে রাখার প্রয়োজন হতে পারে। তবে ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত গাঙ্গেয় দক্ষিণবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও সামান্য বৃষ্টি হলেও তার ব্যাপক প্রভাব পড়ার সম্ভাবনা কম।

উত্তরবঙ্গেও আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে পারে। ১০ অক্টোবর দার্জিলিং-সহ উপরের পার্বত্য এলাকায় দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ১১ থেকে ১৫ অক্টোবর আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। ১৬ ও ১৭ অক্টোবর কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও ১৮ থেকে ২২ অক্টোবর শুষ্ক আবহাওয়া বজায় থাকতে পারে।

কলকাতা ও সংলগ্ন এলাকায় ১৩ অক্টোবর পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা ৩২-৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫-২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। সব মিলিয়ে পুজোর আনন্দে আবহাওয়া বড় বাধা হয়ে দাঁড়ানোর আশঙ্কা আপাতত কম, তবে উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস মাথায় রাখা জরুরি।

 

Latest News

বিমান দিল্লিতে নামতেই আটক সিজেপি প্রধান অভিজিৎ দীপকে-সহ তিন নেতা

ওয়েব ডেস্ক : দিল্লি বিমানবন্দরে বিমান নামতেই আটক করা হল ককরোচ জনতা পার্টি (CJP)-র প্রতিষ্ঠাতা তথা আহ্বায়ক অভিজিৎ দীপকে...

More Articles Like This