খারাপ রাস্তা, দীর্ঘ যাত্রা! SIR ট্রাইব্যুনালের বিচারকের পদ ছাড়ছেন প্রাক্তন হাই কোর্ট বিচারপতি

Must Read

কলকাতা: SIR ট্রাইব্যুনালের বিচারকের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি ইন্দ্রজিৎ চট্টোপাধ্যায়। যাতায়াতের দীর্ঘ সময় এবং রাস্তার বেহাল দশাকেই ইস্তফার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছেন তিনি।

সূত্রের খবর, এ বিষয়ে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি বিচারপতি রবীন্দ্র বিঠ্‌ঠলরাও ঘুগের কাছে চিঠি পাঠিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন প্রাক্তন বিচারপতি। চিঠিতে তিনি উল্লেখ করেছেন, সল্টলেকে নিজের বাড়ি থেকে ট্রাইব্যুনালের নির্ধারিত এলাকায় প্রতিদিন যাতায়াত করতে প্রায় ৫০ কিলোমিটার পথ পাড়ি দিতে হচ্ছে। যাতায়াতে প্রায় চার ঘণ্টা সময় চলে যাচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

এই দীর্ঘ যাত্রার পাশাপাশি রাস্তার পরিস্থিতিও তাঁর অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের দাবি, ট্রাইব্যুনাল যদি সল্টলেক এলাকায় করা হয়, সে ক্ষেত্রে সিদ্ধান্ত পুনর্বিবেচনার সম্ভাবনার কথাও জানিয়েছেন তিনি।

আগামী ২ নভেম্বর থেকে তাঁর ইস্তফা কার্যকর হওয়ার কথা।

SIR বা ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে গঠিত ট্রাইব্যুনালে গুরুত্বপূর্ণ মামলার শুনানি চলছে। মুর্শিদাবাদ-সংক্রান্ত আপিলের শুনানির সঙ্গেও যুক্ত ছিলেন প্রাক্তন বিচারপতি ইন্দ্রজিৎ চট্টোপাধ্যায়। তাঁর পদত্যাগের সিদ্ধান্তে ওই ট্রাইব্যুনালের কাজকর্মে কী প্রভাব পড়ে, এখন সেদিকেই নজর।

তবে তাঁর ইস্তফার সিদ্ধান্তের বিষয়ে হাই কোর্টের তরফে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়েছে কি না, তা স্পষ্ট নয়।

Latest News

সেপ্টেম্বরেই পারদ পতন, তবে কি আগেই শীত? এল নিনোর প্রভাব নিয়ে কী বলছে হাওয়া অফিস

কলকাতা: সেপ্টেম্বরশেষ হওয়ার আগেই দেশের একাধিক জায়গায় তাপমাত্রার পারদ নামতে শুরু করেছে। বিশেষ করে দিল্লিতে সাম্প্রতিক তাপমাত্রা পতন নজর...

More Articles Like This