ওয়েব ডেস্ক : এশিয়ান গেমসে (Asien Games 2026) বুধবার ভারতের সোনার (Gold) তালিকায় যোগ হল আরও একটি পদক। পুরুষদের কমপাউন্ড তিরন্দাজিতে চীনকে এক পয়েন্টের ব্যবধানে হারিয়ে সোনা জিতল ভারত (India)। কুশল দালাল, সাহিল যাদব এবং গণেশ মণিরত্নমের দল ফাইনালে চীনকে ২৩৮-২৩৭ পয়েন্টে পরাজিত করে।
শুরু থেকেই অবশ্য ম্যাচে নিয়ন্ত্রণ ছিল চীনের হাতে। প্রথম সিরিজে ছ’টি শটের প্রতিটিতেই ১০ পয়েন্ট করে চীন। ভারতের দু’টি শট ৯ পয়েন্টে থামায় প্রথম পর্ব শেষে ৫৮-৬০ ব্যবধানে পিছিয়ে যায় ভারত (India)। দ্বিতীয় সিরিজেও চীনের তিরন্দাজেরা প্রায় নিখুঁত পারফরম্যান্স ধরে রাখেন। ভারতের তিন সদস্যও সব শটে ১০ পয়েন্ট করলেও ব্যবধান কমেনি। দ্বিতীয় সিরিজ শেষে স্কোর দাঁড়ায় ১১৮-১২০।
আরও খবর : মিলন প্রধানের জামিন নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য, সোমবার শুনানি
তৃতীয় সিরিজে ধীরে ধীরে ম্যাচের গতিপথ বদলাতে শুরু করে। ভারতীয় তিরন্দাজেরা পরপর ১০ পয়েন্ট করে চাপ বাড়ান। অন্য দিকে চীনের একটি শট ৯ পয়েন্টে থামায় তাদের। ফলে ব্যবধান নেমে আসে মাত্র এক পয়েন্টে। স্কোর হয় ১৭৮-১৭৯।
চতুর্থ সিরিজেই আসে ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। চীনের এক তিরন্দাজ মাত্র ৮ পয়েন্ট করেন। সেই সুযোগ আর হাতছাড়া করেনি ভারত। কুশল, সাহিল ও গণেশ পরপর নিখুঁত শট মেরে ব্যবধান ঘুরিয়ে দেন। শেষ পর্যন্ত খেলা শেষ হয় ২৩৭-২৩৮ ফলে। এই লড়াই জিতে নেয় ভারত।
