ওয়েব ডেস্ক : বাড়ির বাথরুমের কংক্রিটের জলের ট্যাঙ্কে পড়ে মর্মান্তিক মৃত্যু হল দুই ভাই-বোনের। মৃত দুই শিশুর বয়স যথাক্রমে পাঁচ ও তিন বছর। মঙ্গলবার এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় কেরলের (Kerala) মেননপাড়ার কূরানকাড় এলাকায়।
পুলিশ জানিয়েছে, মৃতদের নাম জেনিফার জুলিয়েট ও তাঁর তিন বছরের ভাই রবিন। তারা জন কুমারের সন্তান। পরিবারের দাবি, ঘটনার সময় দুই শিশু বাড়িতে খেলছিল। শেষবার তাদের বাথরুমের কাছেই দেখা গিয়েছিল। সেই সময় বাড়িতে শুধু তাদের মা ছিলেন।
আরও খবর : স্কুল চত্বরেই দম্পতিকে কুপিয়ে খুন! উত্তরপ্রদেশে চাঞ্চল্য, তদন্তে পুলিশ
সকাল সাড়ে ১০টা নাগাদ বাথরুমের জলের ট্যাঙ্কের মধ্যে দুই শিশুকে দেখতে পাওয়া যায়। প্রায় তিন ফুট উঁচু কংক্রিটের ওই ট্যাঙ্কের মধ্যে কীভাবে তারা পড়ে গেল, তা এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছে পুলিশ। দ্রুত তাদের উদ্ধার করে কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকেরা দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার পর অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছে পুলিশ (Police)। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলছেন তদন্তকারীরা।
