ওয়েব ডেস্ক : বেআইনি আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে গ্রেফতার (Arrest) হলেন বনগাঁ উত্তর কেন্দ্রের প্রাক্তন বিধায়ক বিশ্বজিৎ দাস। সোমবার দুপুরে গোপালনগর বাজার এলাকায় তাঁর গাড়িতে তল্লাশি চালায় গোপালনগর থানার পুলিশ। পুলিশ সূত্রে দাবি, তল্লাশির সময় গাড়ি থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। এরপরই তাঁকে গ্রেফতার করা হয়।
পুলিশের দাবি, গোপন সূত্রে বিশ্বজিৎ দাসের কাছে আগ্নেয়াস্ত্র থাকার খবর পাওয়া যায়। সেই তথ্যের ভিত্তিতেই গোপালনগর বাজার এলাকায় তাঁর গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হয়। অস্ত্র উদ্ধারের পর তাঁকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। ঘটনায় গাড়িটিও পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
আরও খবর : পুরুলিয়াতে তৈরি হবে প্রতিরক্ষা সরঞ্জাম, বড় পদক্ষেপ সরকারের
বিশ্বজিৎ দাস বনগাঁ উত্তর কেন্দ্রের দু’বারের বিধায়ক ছিলেন। ২০২১ সালে বিজেপির টিকিটে নির্বাচনে জয়ী হওয়ার পর কয়েক মাসের মধ্যেই তৃণমূলে ফিরে আসেন। ২০২৪ সাল থেকে তিনি বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতির দায়িত্বেও ছিলেন। পরবর্তী সময়ে লোকসভা ও বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী হিসেবেও লড়াই করেন।
এদিকে, সাম্প্রতিক সময়ে বিশ্বজিৎ দাসের রাজনৈতিক অবস্থান নিয়েও আলোচনা তৈরি হয়েছিল। তবে আগ্নেয়াস্ত্রটি কীভাবে তাঁর গাড়িতে এল এবং এর সঙ্গে তাঁর কোনও যোগ রয়েছে কি না, তা তদন্ত করে দেখছে পুলিশ।
