শুধু পরিবার নিয়ে থাকলে মিলবে না টিকিট! বিজেপি বিধায়কদের কড়া বার্তা নিতিনের, জোর সংগঠন-জনপ্রতিনিধি সমন্বয়ে

Must Read

নয়াদিল্লি: শুধু নিজের পরিবারকে নিয়ে ব্যস্ত থাকলে চলবে না, দলের কাজেও সক্রিয় থাকতে হবে। রবিবার কলকাতায় বিজেপির জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠকে দলের সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন এমনই বার্তা দিয়েছেন বলে দলীয় সূত্রের দাবি। সূত্রের খবর, কোনও বিধায়ক যদি শুধু পরিবারকেন্দ্রিক হয়ে থাকেন এবং দলের সঙ্গে যোগাযোগ না রাখেন, তা হলে আগামী বিধানসভা নির্বাচনে তাঁর টিকিট পাওয়ার সম্ভাবনা থাকবে না— এমন বার্তাও বৈঠকে দেওয়া হয়েছে।

পশ্চিমবঙ্গ সফরে এসে রবিবার নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে একাধিক বৈঠক করেন নিতিন। প্রথমে সাংগঠনিক পদাধিকারীদের সঙ্গে এবং পরে দলের জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক হয়। দুই বৈঠকেই সংগঠন ও জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয়ের উপর জোর দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

দলীয় সূত্রের দাবি, বিধায়কদের একাংশের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রসঙ্গও বৈঠকে তোলেন নিতিন। তাঁর নজরে এসেছে, কোনও কোনও বিধায়ক দলের কর্মী ও সাংগঠনিক নেতৃত্বের সঙ্গে যোগাযোগ না রেখে মূলত নিজের পরিবার নিয়েই ব্যস্ত থাকছেন। দলের দায়িত্ব পালনের ক্ষেত্রে এমন মনোভাব গ্রহণযোগ্য নয় বলেও বার্তা দেওয়া হয়েছে বলে সূত্রের দাবি।

শুধু বিধায়কদেরই নয়, সাংগঠনিক পদাধিকারীদেরও জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় সাংগঠনিক পদাধিকারী এবং মণ্ডল সভাপতিদের সঙ্গে বিধায়কদের নিয়মিত যোগাযোগ রাখার উপর গুরুত্ব দেওয়া হয়েছে।

বৈঠকে ভাষণ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যও। তাঁরাও সংগঠন এবং জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয়ের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন বলে দলীয় সূত্রে খবর।

এর আগে সাংগঠনিক পদাধিকারীদের সঙ্গে বৈঠকেও দল ও সরকারের মধ্যে সমন্বয়ের উপর গুরুত্ব দেওয়া হয়। সরকারের বিভিন্ন কাজের প্রচারে সংগঠনকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও সূত্রের দাবি।

 

গত শুক্রবারই রাজ্য বিজেপির সাংগঠনিক স্তরে একাধিক রদবদল হয়েছে। তার দু’দিনের মধ্যেই নিতিনের এই সফর এবং ধারাবাহিক বৈঠককে ঘিরে রাজ্য বিজেপির সাংগঠনিক কাঠামোয় সমন্বয়ের বিষয়টি নতুন করে গুরুত্ব পেয়েছে।

Latest News

শেয়ার বাজারে বড় ধস, একদিনে ৫ লক্ষ কোটি টাকার বেশি উধাও বিনিয়োগকারীদের

ওয়েব ডেস্ক : সপ্তাহের প্রথম কাজের দিনেই বড় ধাক্কা খেল ভারতীয় শেয়ার বাজার (Share Market)। সোমবার, ২৮ সেপ্টেম্বর, লেনদেনের...

More Articles Like This