দুরন্তের পর এবার রাজধানীতেও পাথর হামলা! ঝনঝনিয়ে ভাঙল এসি কামরার কাচ, আহত বাঙালি যাত্রী

Must Read

ওয়েব ডেস্ক: দুরন্ত এক্সপ্রেসের পর এবার পাথর হামলার শিকার নয়াদিল্লি-হাওড়া রাজধানী এক্সপ্রেস। রবিবার সন্ধ্যায় চলন্ত ট্রেনের এসি কামরা লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ উঠেছে। পাথরের আঘাতে ভেঙে যায় কামরার জানলার কাচ। ছিটকে আসা কাচের টুকরোয় আহত হন এক বাঙালি যাত্রী। আচমকা এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে।

রবিবার বিকেল ৪টে ৫০ মিনিটের রাজধানী এক্সপ্রেসে পরিবার নিয়ে দিল্লি থেকে হাওড়া ফিরছিলেন বিদুর চন্দ্র। বি-১ কামরার ১৫ ও ১৬ নম্বর আসনে ছিলেন তাঁরা। তাঁর দাবি, সন্ধ্যা ৬টা ২৮ মিনিট নাগাদ ট্রেনটি উত্তরপ্রদেশে প্রবেশ করার পরেই আচমকা বিকট শব্দ শোনা যায়। মুহূর্তের মধ্যে ভেঙে চুরমার হয়ে যায় তাঁদের আসনের পাশের জানলার কাচ।

ঘটনার আকস্মিকতায় আতঙ্কিত হয়ে পড়েন বিদুরবাবু ও তাঁর পরিবার। ভাঙা কাচের টুকরো ছিটকে তাঁর শরীরের একাধিক জায়গায় আঘাত লাগে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন ট্রেনের নিরাপত্তার দায়িত্বে থাকা আরপিএফ জওয়ান এবং রেলের আধিকারিকেরা। অস্থায়ীভাবে প্লাস্টিক দিয়ে ঢেকে দেওয়া হয় ক্ষতিগ্রস্ত জানলা। ট্রেনের মধ্যেই আহত যাত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

উল্লেখ্য, শনিবারই নাগপুর থেকে মুম্বইগামী দুরন্ত এক্সপ্রেসে একই ধরনের হামলার ঘটনা ঘটেছিল। পাথরের আঘাতে থার্ড এসি কামরার জানলার কাচ ভেঙে আহত হন অন্তত চার যাত্রী। সেই ঘটনার ছবি ও ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে।

পরপর দু’দিন দেশের দুই প্রিমিয়াম ট্রেনে এমন ঘটনায় নতুন করে প্রশ্ন উঠেছে রেলের যাত্রী নিরাপত্তা নিয়ে। রাজধানী এক্সপ্রেসে পাথর হামলার নেপথ্যে কারা রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

Latest News

শেয়ার বাজারে বড় ধস, একদিনে ৫ লক্ষ কোটি টাকার বেশি উধাও বিনিয়োগকারীদের

ওয়েব ডেস্ক : সপ্তাহের প্রথম কাজের দিনেই বড় ধাক্কা খেল ভারতীয় শেয়ার বাজার (Share Market)। সোমবার, ২৮ সেপ্টেম্বর, লেনদেনের...

More Articles Like This