পুজোর মুখেই মধ্যবিত্তের পকেটে টান! ১ অক্টোবর থেকে বাড়ছে এসি-টিভি-ফ্রিজের দাম, কত টাকা বেশি খরচ?

Must Read

ওয়েব ডেস্ক: পুজোর মুখেই মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ! আগামী ১ অক্টোবর থেকে দাম বাড়তে চলেছে এসি, টেলিভিশন, ফ্রিজ ও ওয়াশিং মেশিনের মতো বৈদ্যুতিন সরঞ্জামের। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, বিভিন্ন পণ্যের দাম প্রায় ৩ থেকে ৮ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। ফলে উৎসবের মরসুমে নতুন বৈদ্যুতিন সরঞ্জাম কেনার পরিকল্পনা থাকলে অতিরিক্ত টাকা খরচ করতে হতে পারে ক্রেতাদের।

কিন্তু হঠাৎ কেন এই মূল্যবৃদ্ধি? নির্মাতা সংস্থাগুলির দাবি, তামা, অ্যালুমিনিয়াম, ইস্পাত এবং পেট্রোলিয়ামজাত কাঁচামালের দাম ক্রমাগত বাড়ছে। পাশাপাশি পরিবহণ খরচ বৃদ্ধি এবং ডলারের তুলনায় টাকার মূল্যহ্রাসের জেরে আমদানির খরচও বেড়েছে। সেই অতিরিক্ত ব্যয়ের কিছুটা ক্রেতাদের উপর চাপাতে বাধ্য হচ্ছে সংস্থাগুলি।

পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, অক্টোবরের শুরু থেকে এসির দাম প্রায় ৫ থেকে ৮ শতাংশ বাড়তে পারে। অন্য দিকে, কয়েকটি সংস্থার ওয়াশিং মেশিন, ফ্রিজ এবং এলইডি টিভির দাম ৩ থেকে ৪ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

ইতিমধ্যেই ব্লু স্টার, গোদরেজ অ্যাপ্লায়েন্স, হাইয়ার, দাইকিন এবং সুপার প্লাস্ট্রনিক্সের মতো সংস্থাগুলি বিভিন্ন পণ্যের দাম ৪ থেকে ১০ শতাংশ পর্যন্ত বাড়ানোর কথা জানিয়েছে বলে পিটিআইয়ের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে প্যানাসনিক-সহ কয়েকটি সংস্থা এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।

চলতি বছরে এই নিয়ে তৃতীয় বার বৈদ্যুতিন সরঞ্জামের দাম বৃদ্ধির পরিস্থিতি তৈরি হয়েছে। যদিও ব্যবসায়ীদের একাংশের মতে, পুরনো দামে মজুত করা পণ্যের কারণে উৎসবের বাজারে ক্রেতারা কিছুটা স্বস্তি পেতে পারেন। তবে দাম বাড়লে বিক্রিতে কতটা প্রভাব পড়বে, তা নিয়েও সংশয়ে রয়েছেন নির্মাতারা।

Latest News

দূষণ রুখতে বড় সিদ্ধান্ত, নভেম্বর থেকে ৫০ শতাংশ কর্মী করবেন ওয়ার্ক ফ্রম হোম!

ওয়েব ডেস্ক : শীতের মরশুমে দিল্লির (Delhi) বায়ুদূষণ নিয়ন্ত্রণে এবার আগেভাগেই একাধিক পদক্ষেপ ঘোষণা করল দিল্লি সরকার। মুখ্যমন্ত্রী রেখা...

More Articles Like This