ওয়েব ডেস্ক : সপ্তাহে পাঁচ দিন ব্যাঙ্ক খোলা রাখার দাবি-সহ একাধিক বিষয় নিয়ে ২৮ সেপ্টেম্বর থেকে টানা তিন দিনের ধর্মঘটের ডাক দিয়েছে ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন। সোমবার থেকে বুধবার ধর্মঘটের (Bank Strike) ডাক দেওয়ার পর পাল্টা পদক্ষেপ করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে ২৭ সেপ্টেম্বর রবিবারও সব ব্যাঙ্ক খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
সপ্তাহে দু’দিন ছুটির দাবির পাশাপাশি বেতন কাঠামোতে বৈষম্য নিয়েও প্রশ্ন তুলেছেন আন্দোলনকারীরা। ঊর্ধ্বতন ও অধস্তন কর্মীদের বেতনের মধ্যে বড় পার্থক্য দূর করার দাবিও রয়েছে ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নের।কর্মীদের পারফরম্যান্স লিঙ্কড ইনসেনটিভে বৈষম্য নিয়েও আপত্তি জানানো হয়েছে। এর আগে ১১ সেপ্টেম্বর দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘট হয়েছিল। পরে বৈঠক হলেও কোনও সমাধানসূত্র বের হয়নি।
আরও খবর : মোবাইল ডিভাইসের পরিচয় সুরক্ষায় কড়া আইন, আমলযোগ্য ও অজামিনযোগ্য অপরাধ
ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন দেশের প্রায় ৯০ শতাংশ ব্যাঙ্ক কর্মীদের প্রতিনিধিত্ব করে। সপ্তাহে পাঁচ দিন কর্মদিবস চালুর দাবিতে সংগঠনটি আন্দোলন চালিয়ে যাচ্ছে। ২৮, ২৯ ও ৩০ সেপ্টেম্বরের ধর্মঘটের আগে রবিবার ব্যাঙ্ক খোলা রাখার নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
