ওয়েব ডেস্ক : ডিজিটাল অ্যারেস্টের (Digital Arrest) নামে প্রতারণা ও তোলাবাজির অভিযোগে নরেন্দ্রপুর থানায় দায়ের হওয়া মামলা এবার সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (calcutta High Court)। ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর নরেন্দ্রপুর থানায় মামলাটি দায়ের হয়েছিল। পুলিশি তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় মামলাটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
মামলায় অভিযোগ, ডিজিটাল অ্যারেস্টের নামে প্রায় ২ কোটি ৬৬ লক্ষ টাকা প্রতারণা করে হাতিয়ে নেওয়া হয়েছে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের প্রতারণার মাধ্যমে সর্বস্বান্ত করার অভিযোগ সামনে এসেছে। বিচারপতি সৌগত ভট্টাচার্য মনে করেন, মামলার গুরুত্ব এবং সুপ্রিম কোর্টের আগের নির্দেশের ভিত্তিতে সিবিআই তদন্তের দায়িত্ব দেওয়া যুক্তিযুক্ত।
আরও খবর : জামিন চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ কংগ্রেস প্রার্থী মিলন প্রধান
এর আগে গত বছর ১ ডিসেম্বর একটি স্বতঃপ্রণোদিত মামলায় সুপ্রিম কোর্ট ডিজিটাল অ্যারেস্টের (Digital Arrest) নামে প্রতারণা সংক্রান্ত মামলাগুলি সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশের সূত্র ধরেই নরেন্দ্রপুর থানার মামলাটিও সিবিআইয়ের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, মামলার কেস ডায়েরি-সহ সমস্ত নথি সাত দিনের মধ্যে সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে। এরপর সিবিআই তদন্তভার গ্রহণ করে প্রয়োজনীয় পদক্ষেপ করবে।
শুনানির সময় সংশ্লিষ্ট একটি ব্যাঙ্কের আইনজীবী সিবিআই তদন্ত নিয়ে আপত্তি জানানোর চেষ্টা করলে তাঁকে থামিয়ে দেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। ব্যাঙ্কের গ্রাহক সমস্যার সমাধানের জন্য গ্রিভান্স রিড্রেসাল পোর্টাল রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি। ব্যাঙ্কের ভূমিকা নিয়ে আদালতে নতুন করে বক্তব্য না রেখে সিবিআইয়ের কাছে জবাব দেওয়ার নির্দেশ দেন তিনি।
