ওয়েব ডেস্ক : শালবনি জমি মামলার তদন্তে নতুন মোড়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্তসহায়ক সুমিত রায়ের (Sumit Roy) জবানবন্দিতে অভিষেকের নাম উঠে এসেছে বলে সূত্রের খবর। জানা যাচ্ছে, সিআইডি হেফাজতে জিজ্ঞাসাবাদের সময় সুমিতের বয়ান রেকর্ড করা হয়। সেখানে তিনি দাবি করেছেন, তিনি যে কাজ করেছেন তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই করেছেন।
শালবনি জমি মামলায় ইতিমধ্যেই সুমিত রায়কে গ্রেফতার করেছে সিআইডি। তদন্তকারী সংস্থার অভিযোগ, সরকারি জমির নথি জাল করে জমি হস্তান্তর ও বিক্রির একটি চক্রের সঙ্গে তাঁর যোগ রয়েছে। সিআইডির প্রথম চার্জশিটে সুমিতের (Sumit Roy) নামও উঠে এসেছে। তাঁর বিরুদ্ধে আর্থিক লেনদেন ও জমি সংক্রান্ত অনিয়মের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে তাঁর ব্যাংক লেনদেন এবং অন্যান্য নথিও খতিয়ে দেখা হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে।
আরও খবর : আলিপুর পুলিশ ট্রেনিং সেন্টারের শৌচালয়ে কমান্ডোর ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য
সরকারি আইনজীবী সৈয়দ নাজিম হাবিবের বক্তব্য অনুযায়ী, সিআইডি হেফাজতে সুমিতকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা বেশ কিছু তথ্য পেয়েছেন এবং তাঁর বয়ান রেকর্ড করা হয়েছে। তাঁর মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে বলে আদালতে জানানো হয়েছে। একই মামলায় ধৃত অন্যদের সঙ্গে সুমিতকে মুখোমুখি বসিয়েও জিজ্ঞাসাবাদ করা হয়েছে সূত্রের খবর।
