ওয়েব ডেস্ক : মহাকাশে নিজেদের সামরিক সক্ষমতা নিয়ে বড় স্বীকারোক্তি করল আমেরিকা (Anerica)। প্রথমবার প্রকাশ্যে জানানো হল, পৃথিবীর কক্ষপথে মার্কিন যুক্তরাষ্ট্রের অস্ত্র মোতায়েন রয়েছে। মার্কিন বায়ুসেনার সচিব ট্রয় মেইঙ্ক (Troy Meink) জানিয়েছেন, আমেরিকার কাছে এখন এমন ‘অন-অরবিট স্পেস কন্ট্রোল উইপন’ রয়েছে, যা শত্রুপক্ষের হামলা বা আগ্রাসনের বিরুদ্ধে মার্কিন বাহিনীকে রক্ষা করতে সক্ষম। মেরিল্যান্ডে আয়োজিত এয়ার অ্যান্ড স্পেস ফোর্সেস অ্যাসোসিয়েশনের সম্মেলনে এই ঘোষণা করেন তিনি। তবে অস্ত্রটি কী ধরনের, কবে কক্ষপথে পাঠানো হয়েছে কিংবা এটি পরীক্ষা করা হয়েছে কি না—এসব প্রশ্নের কোনও নির্দিষ্ট উত্তর দেননি মেইঙ্ক।
মার্কিন প্রশাসনের এই ঘোষণার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, ঠিক কী ধরনের অস্ত্র রয়েছে কক্ষপথে? মার্কিন স্পেস ফোর্স জানিয়েছে, ‘স্পেস কন্ট্রোল’ বলতে এমন একাধিক সামরিক সক্ষমতাকে বোঝানো হয়, যার মাধ্যমে মহাকাশে কোনও প্রতিপক্ষের ব্যবস্থাকে বাধাগ্রস্ত, দুর্বল বা প্রয়োজনে ধ্বংস করা সম্ভব। এই সক্ষমতা সরাসরি কোনও উপগ্রহ ধ্বংস না করেও সেটির কার্যক্রমে হস্তক্ষেপ করতে পারে। ফলে নতুন ঘোষণার পর বিশেষজ্ঞদের মধ্যে জল্পনা শুরু হয়েছে, এটি কোনও মহাকাশভিত্তিক জ্যামার, উপগ্রহ-বিরোধী ব্যবস্থা নাকি অন্য কোনও প্রযুক্তি। তবে মার্কিন প্রশাসন এখনও কোনও সম্ভাবনাই নিশ্চিত করেনি।
আরও খবর : মৃত্যুর পর ফেরানো হবে প্রাণ! অস্ট্রেলিয়ার প্রতিষ্ঠানে হিমায়িত হচ্ছে মানুষের দেহ
মেইঙ্ক (Troy Meink) জানিয়েছেন, এই সক্ষমতা সম্পর্কে বেশি তথ্য প্রকাশ করলে এর প্রতিরোধমূলক প্রভাব কমে যেতে পারে। একইসঙ্গে মহাকাশে সামরিক সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে আমেরিকার আরও বড় পরিকল্পনার কথাও সামনে এসেছে। মেইঙ্ক জানিয়েছেন, ‘গোল্ডেন ডোম’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য প্রয়োজনীয় মহাকাশভিত্তিক ইন্টারসেপ্টরের ‘ফ্লাইট-রেডি হার্ডওয়্যার’ও আমেরিকার হাতে রয়েছে। মহাকাশে সামরিক প্রতিযোগিতা বাড়ার অন্যতম কারণ হল আধুনিক যুদ্ধক্ষেত্রে যোগাযোগ, নজরদারি, নেভিগেশন এবং লক্ষ্য নির্ধারণের ক্ষেত্রে উপগ্রহের ক্রমবর্ধমান গুরুত্ব।
এই পরিস্থিতিতে আমেরিকার প্রকাশ্য স্বীকারোক্তি মহাকাশে নতুন অস্ত্র প্রতিযোগিতার আশঙ্কা বাড়াচ্ছে। মার্কিন প্রশাসন জানিয়েছে, চিন ও রাশিয়া ইতিমধ্যেই বিভিন্ন ধরনের ‘কাউন্টারস্পেস’ প্রযুক্তি তৈরি করছে। রাশিয়ার একটি উপগ্রহকে অন্য মহাকাশযানে হামলার সম্ভাব্য সক্ষমতা রয়েছে বলেও আগে জানিয়েছিল ওয়াশিংটন। উল্লেখ্য, ১৯৬৭ সালের ‘আউটার স্পেস ট্রিটি’ (Outer Space Treaty) অনুযায়ী, মহাকাশে পরমাণু অস্ত্র নিষিদ্ধ, কিন্তু সাধারণ অস্ত্র নিষিদ্ধ নয়। সেই ফাঁক গলেই এই পদক্ষেপ আমেরিকার।
