কালীঘাট মন্দিরের গয়না ‘গায়েব’! দুর্নীতির অভিযোগে CBI তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টে সাবর্ণ পরিবার

Must Read

কলকাতা: কালীঘাট মন্দিরের (Kalighat Mandir) পরিচালনা ও সম্পত্তি নিয়ে একাধিক অনিয়মের অভিযোগ তুলে এবার সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ সাবর্ণ রায়চৌধুরী পরিবার। মন্দিরের গয়না, সম্পত্তির নথি এবং পরিচালন ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে প্রধান বিচারপতি সূর্য কান্তের কাছে চিঠি পাঠিয়েছে রায়চৌধুরী পরিবার পরিষদ। অভিযোগগুলির তদন্তে সিবিআই তদন্ত অথবা অবসরপ্রাপ্ত হাই কোর্টের বিচারপতির নেতৃত্বে বিশেষ তদন্তকারী দল গঠনের দাবি জানানো হয়েছে।
পরিষদের সম্পাদক দেবর্ষি রায়চৌধুরীর দাবি, প্রথমে দক্ষিণ ২৪ পরগনার জেলা জজের কাছে বিষয়টি জানানো হয়েছিল। সেখান থেকে প্রত্যাশিত সাড়া না মেলায় এবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি পাঠানো হয়েছে। প্রয়োজন হলে পরবর্তী সময়ে জনস্বার্থ মামলা করার কথাও জানিয়েছেন তিনি।
চিঠিতে কালীঘাট মন্দিরের জন্য নতুন পরিচালন কমিটি গঠনের প্রস্তাবও দেওয়া হয়েছে। সেখানে জেলা জজ, কেন্দ্র ও রাজ্য সরকারের প্রতিনিধি, সাবর্ণ পরিবারের দু’জন সদস্য এবং বিশিষ্ট ব্যক্তিদের রাখার দাবি জানানো হয়েছে।
মন্দিরের দক্ষিণাকালীর গয়না নিয়েও গুরুতর প্রশ্ন তুলেছে পরিষদ। তাদের দাবি, মন্দিরের গয়না একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ভল্টে রাখা রয়েছে। কিন্তু সেই ভল্টের চাবি ১৯৮০ সাল থেকে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ। ফলে ভল্টের ভিতরে আদৌ কী রয়েছে এবং সম্পদের তালিকার সঙ্গে তা মিলছে কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে বলে দাবি সাবর্ণদের।
এর আগেও মন্দিরের সম্পত্তি ও প্রণামীর অর্থ নিয়ে অভিযোগ উঠেছিল। ২০০৬ সালে বিষয়টি কলকাতা হাই কোর্ট পর্যন্ত গড়িয়েছিল বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
এদিকে মন্দিরের সম্পদ সংরক্ষণ সংক্রান্ত কমিটির মেয়াদও শেষ হয়ে গিয়েছে বলে অভিযোগ। পরিষদের দাবি, ২০১৪ সালের পর থেকে পরিচালন কমিটির নির্বাচন হয়নি। ফলে মন্দিরের গয়না ও অন্যান্য সম্পদের যথাযথ হিসাব রাখা হয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠছে।
তবে এই সমস্ত অভিযোগের সত্যতা এখনও আদালত বা তদন্তকারী সংস্থার মাধ্যমে প্রমাণিত হয়নি। এখন সুপ্রিম কোর্টের তরফে কী পদক্ষেপ করা হয়, সেদিকেই নজর।

Latest News

কেন ট্রফি নিলেন না হরমনপ্রীতরা, ব্যাখ্যা দিলেন বোর্ড সচিব

ওয়েব ডেস্ক: শ্রীলঙ্কাকে ৭২ রানে হারিয়ে এশিয়া কাপ (Women’s Asia Cup) জিতেছে ভারতের মেয়েরা। কিন্তু এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC)...

More Articles Like This