‘ড্রাই’ নাগাল্যান্ডে বিষ মদের বলি ৯! একাধিক জেলায় রেড অ্যালার্ট

Must Read

ওয়েব ডেস্ক: মদ নিষিদ্ধ রাজ্য নাগাল্যান্ডেই (Nagaland) বিষ মদ খেয়ে মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল। তুয়েনসাং জেলায় বিষাক্ত মদ পান করে অসুস্থ হয়ে পড়া একাধিক ব্যক্তিকে সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাঁদের মধ্যে ইতিমধ্যেই ৯ জনের মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ঘটনার পর একাধিক জেলায় সতর্কতা জারি করা হয়েছে।

নাগাল্যান্ডের ডিজিপি রুপিন শর্মা জানিয়েছেন, তুয়েনসাংয়ে মদ পান করার পর বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। তাঁদের দ্রুত সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ন’জনের মৃত্যু হয়েছে। তবে ঠিক কী কারণে তাঁদের মৃত্যু হয়েছে, তা এখনও নিশ্চিত নয়।

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে। পাশাপাশি চিকিৎসকদের রিপোর্টও খতিয়ে দেখা হবে। নমুনা পরীক্ষার ফল এবং চিকিৎসা সংক্রান্ত তথ্য হাতে আসার পরেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন ডিজিপি।

এদিকে পরিস্থিতির গুরুত্ব বুঝে সাধারণ মানুষকে মদ্যপান থেকে বিরত থাকার আবেদন জানিয়েছেন ডিজিপি। বিশেষ করে মন, মোককচুং, তুয়েনসাং, লংলেং, কিফিরে, শামাতোর এবং নকলাক জেলার বাসিন্দাদের সতর্ক করা হয়েছে। পরিস্থিতি পুরোপুরি পরিষ্কার না হওয়া পর্যন্ত রাজ্যের অন্যান্য এলাকার মানুষকেও মদ্যপান না করার পরামর্শ দিয়েছেন তিনি।

উল্লেখযোগ্য, নাগাল্যান্ডে মদ তৈরি, বিক্রি এবং পান—তিনটিই আইনত নিষিদ্ধ। ‘নাগাল্যান্ড সম্পূর্ণ মদ্যপান নিষিদ্ধকরণ আইন, ১৯৮৯’ ১৯৯০ সালে কার্যকর হয়। সামাজিক পরিবর্তন আনা, পারিবারিক হিংসা কমানো এবং মদ্যপানজনিত অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যেই এই আইন চালু করা হয়েছিল। গির্জা ও বিভিন্ন সামাজিক সংগঠনের দাবিও এর পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল।

তবে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও নাগাল্যান্ডে বিষ মদ সংক্রান্ত এই মৃত্যুর ঘটনায় ফের প্রশ্ন উঠেছে বেআইনি মদের কারবার ও তার নিয়ন্ত্রণ নিয়ে। আপাতত তদন্তের রিপোর্টের দিকেই নজর প্রশাসনের।

Latest News

ভিএআর-এর ভুল সিদ্ধান্ত, বিতর্কিত গোলে ম্যাঞ্চেস্টার ডার্বি জিতল সিটি

ওয়েব ডেস্ক: রবিবারের ম্যাঞ্চেস্টার ডার্বিতে (Manchester Derby) ১-০ ফলে জিতেছে ম্যান সিটি (Man City)। ওল্ড ট্রাফোর্ডের (Old Trafford) মাঠে...

More Articles Like This