কলকাতা: পুজোর (Durga Puja 2026) আগে কলকাতার (Kolkata) ভাঙাচোরা রাস্তা নিয়ে স্বস্তির খবর। বিশ্বকর্মা পুজো মিটলেই শহরজুড়ে পিচ রাস্তা সংস্কারের কাজ জোরকদমে শুরু করতে চলেছে কলকাতা পুরসভা। লাগাতার বৃষ্টি এবং বিভিন্ন এলাকায় জল জমে থাকায় এত দিন কাজের গতি ব্যাহত হচ্ছিল বলে পুরসভা সূত্রে খবর।
শহরের একাধিক রাস্তার অবস্থা দীর্ঘদিন ধরেই বেহাল। কোথাও খানাখন্দ, কোথাও আবার রাস্তা খুঁড়ে রেখে দেওয়ার কারণে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। পুজোর আগে রাস্তা সংস্কারের সিদ্ধান্ত আগেই জানিয়েছিল পুরসভা। এবার সেই কাজ শুরুর সময়সীমাও জানানো হয়েছে।
পুরসভা সূত্রের খবর, ইতিমধ্যেই কলকাতার গুরুত্বপূর্ণ কয়েকটি মূল সড়কে রাতে পিচের কাজ শুরু করেছে রোড ডিপার্টমেন্ট। তবে শহরের ১৬টি বরোয় এখনও পুরোদমে কাজ শুরু করা সম্ভব হয়নি। এর অন্যতম কারণ, পামারবাজার এবং গোঁরাগাছার দুটি প্ল্যান্ট থেকে রাস্তা মেরামতের জন্য প্রয়োজনীয় পিচ ও স্টোনচিপসের জোগান এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি।
এদিকে ভোটের আগে শহরের বিভিন্ন এলাকায় পানীয় জল ও নিকাশির পাইপলাইন বসানোর জন্য রাস্তা কাটা হয়েছিল। পরে সেই রাস্তা মেরামত না হওয়ায় বর্ষায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে। পুরসভার লিখিত নির্দেশ না থাকায় গত কয়েক মাসে বেশ কিছু জায়গায় রাস্তা সংস্কারে আইনি জটিলতাও তৈরি হয়েছিল বলে খবর।
আরও একটি বিষয় ভাবাচ্ছে পুরসভার ইঞ্জিনিয়ারদের। পুজোর আগে রাস্তা সংস্কারের পর ফের জল, নিকাশি, বিদ্যুৎ বা ফাইবার পরিষেবার জন্য রাস্তা কাটা হলে সদ্য মেরামত করা রাস্তা ফের নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। বিষয়টি পুরসভার শীর্ষস্তরে জানানো হলেও এখনও স্পষ্ট সমাধান মেলেনি বলে সূত্রের দাবি।
অন্যদিকে, বকেয়া পাওনা নিয়ে ক্ষোভে ঠিকাদারদের একাংশ টেন্ডার বয়কট করেছিলেন বলেও জানা গিয়েছে। তবে পুরসভার বরো এক্সিকিউটিভদের আশ্বাস, বরোভিত্তিক অধিকাংশ পিচ রাস্তার সংস্কারের কাজ মহালয়ার আগেই শেষ করার চেষ্টা হবে।
