পুজোয় ফের বৃষ্টির ভ্রুকুটি! ষষ্ঠী থেকে দশমী ঝড়-বৃষ্টিতে ভাসবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ?

Must Read

কলকাতা: ঢাকে কাঠি পড়তে আর বেশি দেরি নেই। পুজোর প্রস্তুতিতে ব্যস্ত শহর থেকে জেলা। কোথাও প্রতিমা তৈরির কাজ চলছে জোরকদমে, কোথাও শুরু হয়ে গিয়েছে কেনাকাটা। কিন্তু উৎসবের মুখে আবহাওয়া নিয়ে (Rain Forecast) সামনে এল অস্বস্তিকর পূর্বাভাস। পুজোর কয়েকটি দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভাবনা  রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ড. সুজীব কর (Weather Update)।

এ বছর অক্টোবরের তৃতীয় সপ্তাহে দুর্গাপুজো। সেই সময় বঙ্গোপসাগরের সক্রিয়তার জেরে আবহাওয়ার পরিস্থিতি অস্থির থাকতে পারে বলে তাঁর মত। বিশেষ করে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি এবং কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছেন তিনি।

আবহাওয়াবিদের ব্যাখ্যা, বর্তমানে ‘সুপার এল নিনো’ সক্রিয় রয়েছে এবং ২০২৭ সালের মার্চ পর্যন্ত তার প্রভাব থাকার সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরের জলের তাপমাত্রা না কমলে আবহাওয়ার ভারসাম্য ফিরতে সময় লাগবে বলেই তাঁর দাবি।

পুজোর সময়ে স্থলভাগ তুলনামূলক ঠান্ডা হতে শুরু করলেও বঙ্গোপসাগরের জল উষ্ণ থাকবে। এর ফলে আবহাওয়ায় পরিবর্তনশীল পরিস্থিতি তৈরি হতে পারে। তাঁর মতে, পুজোর সময় একেবারে টানা শান্ত আবহাওয়া পাওয়ার সম্ভাবনা কম।

শুধু পুজোর চার-পাঁচ দিন নয়, অক্টোবরের শেষ দিকেও বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কার কথা জানিয়েছেন সুজীব কর। সেই পরিস্থিতিতে দক্ষিণবঙ্গে ফের মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।

তাপমাত্রা নিয়েও রয়েছে অন্য ইঙ্গিত। অক্টোবরের শেষের দিকে যে হারে তাপমাত্রা কমার কথা, এ বার সম্ভবত ততটা কমবে না। ফলে পুজোয় তুলনামূলক গরম ও আর্দ্র আবহাওয়ার সঙ্গেও ভুগতে হতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গকে।

তবে এটি একটি আবহাওয়াবিদের দীর্ঘমেয়াদি পূর্বাভাস। পুজোর আরও কাছাকাছি সময়ে সরকারি আবহাওয়া দফতরের নির্দিষ্ট পূর্বাভাসে পরিস্থিতি আরও পরিষ্কার হবে।

Latest News

বসছে আস্ত পাহাড়, গলগলিয়ে নামছে কাদা-পাথর! সিকিমে ভয়াবহ হড়পা বানের আশঙ্কা, সরানো হল ৩৮ পরিবার

ওয়েব ডেস্ক: একটানা বৃষ্টিতে ফের ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কা পাহাড়ে। পশ্চিম সিকিমের গিয়ালশিং জেলার সিঙ্গলিথাম ও সংলগ্ন রিম্বি এলাকায় একের...

More Articles Like This