ওয়েব ডেস্ক: গ্রেফতারির বিরুদ্ধে মামলায় সুপ্রিম কোর্টে (Supreme Court) কিছুটা স্বস্তিতে বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল (Abhishek Porel)। কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) তাঁর মামলার দ্রুত নিষ্পত্তি করতে নির্দেশ দিল শীর্ষ আদালত। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চ জানায়, বাংলার ক্রিকেটারের জামিনের আবেদন কলকাতা হাইকোর্টে বিচারাধীন মামলার জন্য যাতে অন্তরায় না হয় তা বিবেচনা করতে হবে।
প্রসঙ্গত, কর্নাটকের এক তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ও ধর্ষণের অভিযোগে অভিষেকের বিরুদ্ধে মামলা দায়ের হয়। তাঁর বিরুদ্ধে বিরুদ্ধে ৬৯, ৩১১, ৩১৮, ৬৬/৭২ আইটি ও বিএনএস-এর একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। ওই মামলা থেকে রক্ষাকবচ পেতে তিনি হাইকোর্টের দ্বারস্থ হন। সেখানে মামলার শুনানির আগেই গত ১১ অগাস্ট অভিষেককে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করে হুগলির মগরা থানার পুলিশ।
আরও পড়ুন: বার্সেলোনার ৫ গোল, পিএসজির হাফ ডজন! জিতল আর্সেনাল, লিভারপুলও
গ্রেফতারের বিরুদ্ধে দ্রুত শুনানি চেয়ে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন বাংলার ক্রিকেটার অভিষেক। নিম্ন আদালতে তিনি জামিনের আবেদন করেন। নিম্ন আদালত জানায়, হাইকোর্টে মামলা বিচারাধীন, এই অবস্থায় জামিন নয়। এর পরে বাংলার ক্রিকেটার দ্রুত শুনানি চেয়ে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন। গত সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্য তাঁর দ্রুত শুনানির আবেদন নাকচ করে দেন। হাইকোর্টের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি সুপ্রিম কোর্টে মামলা করেন।
বৃহস্পতিবার তাঁর উদ্দেশে সুপ্রিম কোর্টের মন্তব্য, “আপনি বিভ্রান্ত হয়ে পড়েছেন। এই অবস্থায় আমরা কী করতে পারি? এই মামলার গতিপ্রকৃতি সম্পর্কে ব্যাখ্যা দিতে পারি। জামিনের আবেদন হাইকোর্টের মামলার উপর না পড়ে তা নিশ্চিত করা হবে।”
