ওয়েব ডেস্ক : মঙ্গলবার গভীর রাতে ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল নেপালের (Nepal) উত্তর-পশ্চিমাঞ্চল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.০। জাতীয় ভূকম্পন কেন্দ্রের তথ্য অনুযায়ী, রাত ৯টা ৩৮ মিনিটে এই কম্পন অনুভূত হয়। ভূমিকম্পটির উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৪৩ কিলোমিটার গভীরে।
কম্পনের গভীরতা বেশি হওয়ায় প্রাথমিকভাবে বড় ধরনের প্রভাব পড়েনি বলেই জানা গিয়েছে। এখনও পর্যন্ত ভূমিকম্পের (Earthquake) জেরে কোনও প্রাণহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর সামনে আসেনি। তবে বৃষ্টির কারণে পার্শ্ববর্তী কয়েকটি এলাকায় মাটি এখনও অস্থিতিশীল থাকায় উদ্ধারকারী দলগুলিকে সতর্ক রাখা হয়েছে। এরই মধ্যে ভোতে কোশি নদীর ভয়াবহ বন্যা বিপর্যয়ের পর উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন দেশ-বিদেশের বিশেষজ্ঞ দল। দুর্ঘটনার ১৪ দিন পরেও নিখোঁজদের সন্ধানে তল্লাশি চলছে। বিপর্যস্ত নদী উপত্যকা এবং জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গগুলিতে উদ্ধারকাজ চালানো হচ্ছে অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যে।
আরও খবর : বিমান নিয়ন্ত্রণ ব্যবস্থায় প্রযুক্তিগত ত্রুটি, ব্রিটেনজুড়ে বাতিল ১৩০০-র বেশি উড়ান
পুলিশের তথ্য অনুযায়ী, ভোতে কোশি বিপর্যয়ে এখনও পর্যন্ত ১,৩৬৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ৪,০৭৭ জন নিখোঁজ। উদ্ধার হওয়া দেহগুলির মধ্যে ১,১৪৭টির ডিএনএ পরীক্ষা সম্পন্ন করে সমাধিস্থ করা হয়েছে। আরও ১০২টি দেহ শনাক্তকরণের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।
জানা গিয়েছে, নিখোঁজদের তালিকায় ৩৫টি দেশের নাগরিক রয়েছেন। তাঁদের মধ্যে নেপালের নাগরিক ৩,৪৬৯ জন। বিদেশি নাগরিক ৫৯৮ জন। অন্যদিকে, আপার ত্রিশূলী-৩এ এবং আপার ত্রিশূলী-১ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকেও জীবিতদের উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযানে ভারত, চীন, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া এবং সংযুক্ত আরব আমিরশাহির বিশেষজ্ঞ দলও অংশ নিয়েছে। ড্রোন, লিডার প্রযুক্তি এবং খননযন্ত্র ব্যবহার করে প্লাবিত সুড়ঙ্গগুলিতে পৌঁছনোর চেষ্টা চলছে।
