ওয়েব ডেস্ক : জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir) ফের কাশ্মীরি পণ্ডিতদের ঘিরে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। পিএম প্যাকেজের (PM Package) আওতায় উপত্যকায় কর্মরত পণ্ডিতদের উদ্দেশে একের পর এক হুমকি চিঠি আসার অভিযোগ উঠেছে। মাত্র এক মাসের মধ্যে পাঁচটি এমন হুমকি সামনে আসায় আতঙ্ক ছড়িয়েছে কর্মীদের মধ্যে।
সেপ্টেম্বরের শুরুতে প্রকাশ্যে আসা একটি চিঠিকে ঘিরে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। অভিযোগ, ওই বার্তায় পিএম প্যাকেজে কর্মরত কাশ্মীরি পণ্ডিতদের ফোন নম্বর, বাড়ির ঠিকানা এবং গাড়ির নম্বরের মতো ব্যক্তিগত তথ্য প্রকাশ করা হয়েছে। চাকরি ছেড়ে দেওয়ার জন্য হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, নির্দেশ না মানলে প্রাণঘাতী হামলার মুখে পড়তে হতে পারে।
অভিযোগ উঠেছে, প্রথমে ডার্ক ওয়েবে (Dark Web) ওই তথ্য প্রকাশ করা হয়। পরে হোয়াটসঅ্যাপ (WhatsApp) এবং টেলিগ্রামের (Telegram) মতো মেসেজিং প্ল্যাটফর্মে তা ছড়িয়ে পড়ে। এমনকি জম্মুতে চলে গেলেও কাশ্মীরি পণ্ডিতদের রেহাই দেওয়া হবে না বলেও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ।
আরও খবর : এবার বেঙ্গালুরু, অ্যামাজন-সুইগির ১.৩৮ কোটি টাকার খাদ্যপণ্য বাজেয়াপ্ত!
এদিকে এত বিপুল ব্যক্তিগত তথ্য জঙ্গিদের হাতে কীভাবে পৌঁছল, তা নিয়েও প্রশ্ন উঠেছে। পিএম প্যাকেজের কর্মী রাকেশ হান্ডু বিষয়টির তদন্ত দাবি করেছেন। প্রধানমন্ত্রী, উপরাজ্যপাল এবং সাইবার ক্রাইম শাখার কাছে অভিযোগ জানিয়ে সম্ভাব্য তথ্য ফাঁসের উৎস খুঁজে বের করার দাবি করা হয়েছে।
নিরাপত্তার পাশাপাশি আবাসন নিয়েও সমস্যার কথা সামনে এসেছে। অভিযোগ, উপত্যকায় প্রায় ৬ হাজার পিএম প্যাকেজ কর্মী রয়েছেন, যাঁদের বড় অংশ ভাড়া বাড়িতে থাকেন। তাঁদের জন্য সরকারি আবাসনের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হলেও গত তিন বছরে মাত্র ৮০০টি কোয়ার্টার বরাদ্দ হয়েছে বলে দাবি। এই অবস্থায় কাশ্মীরি পণ্ডিতদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন তিনি।
