ওয়েব ডেস্ক : মহালয়ার দিন ইডেন গার্ডেন্সে (Eden Gardens) বড়সড় অনুষ্ঠানের আয়োজন ঘিরে তৎপরতা শুরু করেছে রাজ্য প্রশাসন। ১০ অক্টোবর দুর্গাপুজোর (Durga Puja 2026) সূচনা উপলক্ষে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রদর্শনীর পরিকল্পনা করা হয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিত থাকার কথা। সেই আয়োজনকে কেন্দ্র করে ২১ দিনের জন্য ইডেন গার্ডেন্স ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে।
জানা গিয়েছে, মঙ্গলবার ৮ সেপ্টেম্বর রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের সচিব ডক্টর সৌমিত্র মোহনের তরফে যুব কল্যাণ ও ক্রীড়া দফতরের সচিবকে ই-মেল পাঠানো হয়েছে। সেখানে সিএবি-র (CAB) সঙ্গে আলোচনা করে ২৫ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ইডেন নেওয়ার ব্যবস্থা করতে বলা হয়েছে।
এর পিছনে মূল কারণ নিরাপত্তা ও প্রস্তুতি। প্রধানমন্ত্রী উপস্থিত থাকায় অনুষ্ঠানস্থলে নিরাপত্তার বিশেষ ব্যবস্থা করতে হবে। পাশাপাশি মঞ্চ তৈরি, স্টেডিয়াম সাজানো, বিভিন্ন সরঞ্জাম বসানো এবং অনুষ্ঠানের পর সেগুলি সরিয়ে মাঠকে আগের অবস্থায় ফিরিয়ে আনতেও সময় লাগবে। সেই কারণেই শুধুমাত্র অনুষ্ঠানের দিনের জন্য নয়, দীর্ঘ সময়ের জন্য মাঠ চাওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
আরও খবর : তিন সংস্থার সঙ্গে চুক্তি, বিসিসিআই-এর কোষাগারে ১৩০ কোটি!
এই আয়োজনের প্রভাব পড়েছে ক্রিকেট সূচিতেও। ১১ অক্টোবর ইডেনেই বাংলা ও দিল্লির মধ্যে রঞ্জি ট্রফির (Ranji Trophy) ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু তার আগের দিন মহালয়ার অনুষ্ঠান হওয়ায় নির্ধারিত সময়ে ইডেনকে ম্যাচের উপযোগী করে তোলা কার্যত কঠিন হয়ে পড়ছে।
এই পরিস্থিতিতে ম্যাচের ভেন্যু পরিবর্তনের প্রস্তুতি শুরু করেছে সিএবি। সিএবি সচিব বাবলু কোলে জানিয়েছেন, ভারতীয় ক্রিকেট বোর্ডকে বিষয়টি জানানো হয়েছে। কল্যাণীর মাঠও প্রস্তুত রাখা হচ্ছে। ফলে সূচি অনুযায়ী ১১ অক্টোবরের বাংলা-দিল্লি ম্যাচ ইডেনের বদলে কল্যাণীতে হওয়ার সম্ভাবনাই জোরালো।
