ক্রিটিক্যাল কেয়ার ইউনিট নিয়ে নজর স্বাস্থ্য দফতরের, সরকারি হাসপাতালগুলিকে একাধিক নির্দেশ স্বাস্থ্য ভবনের

Must Read

ওয়েব ডেস্ক : সরকারি হাসপাতালগুলিতে (Hospitals) ক্রিটিক্যাল কেয়ার পরিষেবার (CCU) পরিকাঠামো আরও মজবুত করতে উদ্যোগী রাজ্য স্বাস্থ্য দফতর। এই পরিষেবাগুলির বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখতে বিভিন্ন সরকারি হাসপাতালের কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে স্বাস্থ্যভবন। এরপরই ক্রিটিক্যাল কেয়ার ইউনিটগুলির পরিচালনা এবং পরিষেবা নিয়ে বেশ কিছু নির্দেশিকা জারি করা হয়েছে।

স্বাস্থ্য দফতরের নজরে শুধুমাত্র মেডিক্যাল কলেজ বা বড় হাসপাতাল নয়। জেলা হাসপাতাল, মহকুমা হাসপাতাল, স্টেট জেনারেল হাসপাতাল থেকে শুরু করে গ্রামীণ হাসপাতাল, যেখানেই ক্রিটিক্যাল কেয়ার ইউনিট রয়েছে, সেখানেই নির্দিষ্ট নিয়ম মেনে পরিষেবা চালু রাখার কথা বলা হয়েছে। বীরপাড়া SGH, ফ্রেজারগঞ্জ PHC, চন্দননগর SDH, সাগরদিঘি SSH, কল্যাণী গান্ধী মেমোরিয়াল হাসপাতাল, বেলদা SSH, ডেবরা SSH, শালবনি SSH, আমতলা TCU এবং মেটিয়াবুরুজ SSH-কে এই তালিকায় রাখা হয়েছে।

আরও খবর  : শিখা ইন অগ্নিকাণ্ডের পর বড় পদক্ষেপ, কলকাতার ৯১৯ হোটেল-গেস্ট হাউসের লাইসেন্স রদ নবান্নের

পরিকাঠামো তৈরি হয়ে গেলেও এখনও কয়েকটি জায়গায় ক্রিটিক্যাল কেয়ার ইউনিট পরিষেবা শুরু হয়নি। সেই হাসপাতালগুলিতে আর দেরি না করে ইউনিট চালুর নির্দেশ দেওয়া হয়েছে। ইউনিট চালু হওয়ার পর তার যাবতীয় তথ্য CCMIS পোর্টালে নথিভুক্ত করতেও বলা হয়েছে। বীরপাড়া, ফ্রেজারগঞ্জ, চন্দননগর, সাগরদিঘি, কল্যাণী, বেলদা, ডেবরা, শালবনি, আমতলা এবং মেটিয়াবুরুজের মতো হাসপাতালও এই নির্দেশের আওতায় রয়েছে। স্বাস্থ্য ভবন সূত্রে জানা গিয়েছে, ৭৬টি ইউনিটকে ১৮ থেকে ২৪ শয্যার হাইব্রিড CCU হিসেবে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে ফালাকাটা, রায়গঞ্জ, কালনা, আসানসোল, ওন্দা, গোপীবল্লভপুর, পাঁশকুড়া, ডেবরা এবং শালবনির কয়েকটি ইউনিটে এখনও কাজ বাকি রয়েছে।

শুধু পরিকাঠামো নয়, ICU পরিচালনার দায়িত্বেও নির্দিষ্ট যোগ্যতার চিকিৎসক রাখার উপর জোর দেওয়া হয়েছে। প্রতিটি ইউনিটের জন্য একজন বিশেষজ্ঞ চিকিৎসককে ICU ইনচার্জ করতে হবে। অ্যানেস্থেসিওলজি, মেডিসিন, পালমোনারি মেডিসিন, পেডিয়াট্রিক্স অথবা ইমার্জেন্সি মেডিসিনে স্নাতকোত্তর ডিগ্রির পাশাপাশি ইন্টেনসিভ কেয়ার সংক্রান্ত প্রশিক্ষণ ও অভিজ্ঞতাকেও গুরুত্ব দেওয়া হয়েছে। রোগীর চিকিৎসার মান ঠিক রাখতে ইনচার্জ চিকিৎসককে নিয়মিত ICU পরিদর্শন করতে হবে। প্রয়োজন অনুযায়ী মেডিক্যাল অফিসারদের চিকিৎসা সংক্রান্ত প্রযুক্তিগত সহায়তাও দিতে হবে তাঁকে। পাশাপাশি ICU পরিষেবার পরিস্থিতি নিয়ে প্রতি সপ্তাহে রিভিউ মিটিং করার নির্দেশ দেওয়া হয়েছে।

২৪ ঘণ্টার পরিষেবা নিশ্চিত করতে রেসিডেন্ট চিকিৎসকদেরও ICU শিফটে কাজে লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অ্যানেস্থেসিয়া, মেডিসিন, পালমোনারি মেডিসিন, ইমার্জেন্সি মেডিসিন, পেডিয়াট্রিক্স কিংবা সার্জারি বিভাগের স্নাতকোত্তর রেসিডেন্টদের এই দায়িত্বে রাখা যেতে পারে বলে জানানো হয়েছে।

Latest News

ভারতের মানচিত্রে পাক অধিকৃত কাশ্মীর! আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রচারে নতুন বিতর্ক

ওয়েব ডেস্ক : ভারত-আফগানিস্তান ক্রিকেট সিরিজ শুরুর আগেই নতুন করে কূটনৈতিক বিতর্কে জড়াল আফগানিস্তান ক্রিকেট বোর্ড (ACB)। অভিযোগ, আসন্ন...

More Articles Like This