ওয়েব ডেস্ক : ইউপিআই (UPI) এখন দৈনন্দিন জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা। দোকানে কেনাকাটা থেকে শুরু করে বিল মেটানো বা অনলাইনে টাকা দেওয়া, বিভিন্ন কাজে নিয়মিত ইউপিআই ব্যবহার করেন মানুষ। কিন্তু সব ধরনের লেনদেনের ক্ষেত্রে ইউপিআই-এর সীমা এক নয়।
সাধারণ ইউপিআই (UPI) লেনদেনে সর্বোচ্চ ১ লক্ষ টাকা পর্যন্ত পেমেন্টের সীমা রয়েছে। দৈনন্দিন কেনাকাটা, বিল পেমেন্ট এবং অন্যান্য সাধারণ পরিষেবার ক্ষেত্রে এই সীমাই প্রযোজ্য বলে জানানো হয়েছে। তবে কিছু নির্দিষ্ট পরিষেবার ক্ষেত্রে লেনদেনের সীমা অনেকটাই বেশি। কর প্রদানের ক্ষেত্রে প্রতি লেনদেনে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করা যেতে পারে। আইপিও এবং নির্দিষ্ট কিছু বিনিয়োগের ক্ষেত্রেও ৫ লক্ষ টাকা পর্যন্ত লেনদেনের সুবিধা রয়েছে। হাসপাতাল ও স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রেও ৫ লক্ষ টাকা পর্যন্ত ইউপিআই পেমেন্টের সুবিধা পাওয়া যেতে পারে। কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ফি এবং বিমার কিছু পেমেন্টের ক্ষেত্রেও তুলনামূলক বেশি লেনদেনের সীমা প্রযোজ্য হতে পারে।
আরও খবর : নেটওয়ার্ক পেতে পাহাড়ে উঠে পড়াশোনা, NEET-এ সফল দুই বোন
এদিকে ইউপিআই লাইটে প্রতি লেনদেনে সর্বোচ্চ ১,০০০ টাকা পর্যন্ত পেমেন্ট করা যায়। এই ব্যবস্থায় ওয়ালেটে সর্বোচ্চ ৫,০০০ টাকা রাখা যায়। অন্যদিকে ফিচার ফোন ব্যবহারকারীদের জন্য ইউপিআই ১২৩ পে-এর মাধ্যমে প্রতি লেনদেনে সর্বোচ্চ ১০,০০০ টাকা পর্যন্ত পেমেন্ট করা সম্ভব।
তবে ইউপিআইয়ের নির্ধারিত সর্বোচ্চ সীমা থাকলেও বাস্তবে আপনার লেনদেনের সীমা কম হতে পারে। কারণ সংশ্লিষ্ট ব্যাঙ্ক বা ইউপিআই অ্যাপ নিজেদের নিয়ম অনুযায়ী আলাদা সীমা নির্ধারণ করতে পারে।
