ওয়েব ডেস্ক : পশ্চিমবঙ্গে প্যারাটিচার (Para Teacher Salary), শিক্ষাবন্ধু, স্পেশাল এডুকেটর, ম্যানেজমেন্ট কর্মী-সহ বিভিন্ন স্তরের কর্মীদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। সোমবার নবান্ন থেকে এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ফরেস্ট গার্ড এবং বন সহায়কদেরও পারিশ্রমিক বৃদ্ধির কথাও জানানো হয়েছে।
প্যারা টিচারদের ক্ষেত্রে প্রাইমারি এবং আপার প্রাইমারি—দুই স্তরেই মাসে ৫ হাজার টাকা করে বেতন বাড়ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) । প্রাইমারি স্তরে ২০ হাজার ৩৪৩ জন এবং আপার প্রাইমারিতে ২১ হাজার ৮৪৯ জন এর ফলে উপকৃত হবেন। প্রাইমারি প্যারা টিচারদের বেতন পেতেন ১১ হাজার ৯৪১ টাকা। ৫ হাজার টাকা বাড়ার ফলে তা বেড়ে ১৬ হাজার ৯৪১ টাকা হবে। অন্যদিকে আপার প্রাইমারিতে ১৫ হাজার ৫২৩ টাকা বেতন ছিল। তা বেড়ে ২০ হাজার ৫২৩ টাকা হচ্ছে। এই বৃদ্ধি ১ নভেম্বর থেকে কার্যকর হবে।
আরও খবর : ভারত-বাংলাদেশ রেল যোগাযোগে ফের গড়াবে চাকা, অক্টোবরে চালু হতে পারে মৈত্রী-মিতালি-বন্ধন
এছাড়াও শিক্ষাবন্ধু ও স্পেশাল এডুকেটরদের মাসিক বেতন ৫ হাজার টাকা করে বাড়ানো হয়েছে। ম্যানেজমেন্ট কর্মী, এসএসকের সহায়ক এবং এমএসকের সহায়করাও ৫ হাজার টাকা করে অতিরিক্ত পাবেন। অন্যদিকে ফরেস্ট গার্ডদের পারিশ্রমিক ৫ হাজার টাকা বাড়ছে। ফরেস্ট গার্ড ও বন সহায়কদের ক্ষেত্রে বৃদ্ধি ১ অক্টোবর থেকে কার্যকর হবে। প্রাক্তন বিধায়কদের মেডিক্যাল ভাতাও ১ আগস্ট থেকে বাড়ছে।
এদিন মন্ত্রিসভার বৈঠকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অশিক্ষক কর্মীদের পারস্পরিক বদলির জন্য নতুন বিলেও অনুমোদন দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় স্তরে পারস্পরিক বদলির একটি বিধিবদ্ধ কাঠামো তৈরি করতেই এই বিল আনা হচ্ছে। জরুরি ভিত্তিতে বিলটি বিধানসভায় পেশ করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
