দীঘা : দীর্ঘ ২৩ দিন নিখোঁজ থাকার পর অবশেষে দীঘার মোহনার অদূরে সন্ধান মিলল অন্ধ্রপ্রদেশের মৎস্য ট্রলার “মাতুয়ানামা”-র। ইঞ্জিন বিকল হয়ে দিকভ্রান্ত অবস্থায় ভাসতে ভাসতে ট্রলারটি দীঘা উপকূল থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে চলে গিয়েছিল।
বুধবার সমুদ্রে যাওয়ার সময় দীঘা মোহনার মৎস্যজীবীরা ট্রলারটিকে ভাসমান অবস্থায় দেখতে পান। এরপর স্থানীয় ট্রলার মালিক সীমন্ত বর্মনের সহযোগিতায় বিকল ট্রলারটিকে মোহনার দিকে নিয়ে আসার কাজ শুরু হয়। উদ্ধারকাজে সহযোগিতার হাত বাড়িয়ে দেন মা কালী গঙ্গা-দীঘা মোহনা এলাকার ট্রলার মালিক শ্রীকৃষ্ণ বর্মনও। ট্রলারটিতে থাকা ৭ জন মৎস্যজীবীকেই নিরাপদে উদ্ধার করা হয়েছে। তাঁদের প্রাথমিক চিকিৎসার জন্য দীঘা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ৬ জনকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও একজন মৎস্যজীবীর চিকিৎসা এখনও চলছে।
আরও খবর : নেপালের ভয়াবহ হড়পা বানের কারণ কী? স্যাটেলাইট ছবিতে মিলল বড় সূত্র
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজের তদারকি করে পুলিশ। রামনগর থানার ডিএসপি এন্ড ডিএনটি-র নেতৃত্বে পুলিশ পরিস্থিতির উপর নজর রাখে। ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের তরফে অন্ধ্রপ্রদেশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পাশাপাশি উদ্ধার হওয়া মৎস্যজীবীদের পরিবারের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে।
দীর্ঘদিন সমুদ্রে নিখোঁজ থাকার পর ৭ মৎস্যজীবী-সহ ট্রলারটি নিরাপদে তীরে ফিরে আসায় মিলল স্বস্তি।
