পুরুলিয়া : ঘুরতে এবং নতুন নতুন জায়গা দেখতে ভালোবাসতেন পুরুলিয়ার এই দম্পতি। সেই টানেই নেপালে বেড়াতে গিয়েছিলেন পুরুলিয়ার কুকস কম্পাউন্ডের বাসিন্দা দম্পতি মৌসুমী গঙ্গোপাধ্যায় ও অরিন্দম গঙ্গোপাধ্যায়। কিন্তু নেপালের ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের পর থেকেই তাঁদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। নিখোঁজ দম্পতির খোঁজ না মেলায় উদ্বেগে পরিবার থেকে প্রতিবেশীরা।
পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ২১ তারিখ দুর্গাপুর থেকে নেপালের উদ্দেশে রওনা দিয়েছিলেন মৌসুমী ও অরিন্দম। নেপালে পৌঁছনোর পর সবকিছু স্বাভাবিকই ছিল। কিন্তু বিপর্যয়ের পর আচমকাই তাঁদের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায়। দু’জনেরই মোবাইল ফোন সুইচ অফ। ওই দম্পতির একমাত্র মেয়ে বেঙ্গালুরুতে থাকেন। বাবা-মায়ের সঙ্গে কোনওভাবে যোগাযোগ করতে না পেরে উদ্বেগ আরও বেড়েছে তাঁর। পরিবারের সদস্যরা নেপাল এম্বাসির সঙ্গেও যোগাযোগ করেন। কিন্তু এখনও পর্যন্ত মৌসুমী ও অরিন্দমের কোনও সন্ধান মেলেনি।
আরও খবর : নেপালের ভয়াবহ হড়পা বানের কারণ কী? স্যাটেলাইট ছবিতে মিলল বড় সূত্র
নেপালের দুর্গম এলাকায় প্রাকৃতিক বিপর্যয়ের জেরে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণেই তাঁদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না কি না, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। প্রিয়জনদের দ্রুত সন্ধান পাওয়ার আশায় দিন গুনছে গোটা পরিবার। একইসঙ্গে উদ্বেগে রয়েছেন তাঁদের প্রতিবেশীরাও। সকলেরই একটাই প্রার্থনা নেপালের বিপর্যয় কাটিয়ে নিরাপদে বাড়ি ফিরুন মৌসুমী ও অরিন্দম।
