ওয়েব ডেস্ক : বুধবার দুপুরে আচমকাই আগুনের (Fire) আতঙ্ক ছড়াল হাওড়ার (Howrah) আন্দুলের (Andul) মৌড়িগ্রামে। আমতলা এলাকার একটি আবাসনের দোতলা ও তিনতলা থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গিয়েছে। প্রথমে একটি অংশে আগুন দেখা গেলেও দ্রুত তা অন্যত্র ছড়িয়ে পড়তে শুরু করে। আবাসনের বাসিন্দাদের মধ্যে তৈরি হয় হুড়োহুড়ি।
ঘটনার খবর পেয়েই দ্রুত সেখানে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। আগুনের (Fire) তীব্রতা বেশি থাকায় একদিকে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলে, অন্যদিকে শুরু হয় আবাসনের ভিতরে তল্লাশি। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, আগুন লাগার সময় কয়েকজন বাসিন্দা ভিতরে আটকে পড়েছিলেন। তাঁদের মধ্যে বেশ কয়েকজনকে ইতিমধ্যেই বের করে আনা সম্ভব হয়েছে।
আরও খবর : হিঙ্গলগঞ্জে আর্থিক প্রতারণার অভিযোগ, বাড়িতে টাকা চাইতে হাজির প্রতারিতরা, গ্রেফতার অভিযুক্ত
তবে আগুনের পাশাপাশি বড় সমস্যা হয়ে দাঁড়ায় ধোঁয়া। আবাসনের বিভিন্ন অংশ ঘন কালো ধোঁয়ায় ভরে যাওয়ায় বাসিন্দাদের শ্বাস নিতে সমস্যা হয়। কয়েকজন অসুস্থ হয়ে পড়লে তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। আবাসনের আরও কোনও জায়গায় কেউ আটকে রয়েছেন কি না, তা নিশ্চিত করতে তল্লাশি চালাচ্ছে দমকল।
প্রাথমিক ভাবে শর্ট সার্কিট থেকেই আগুন লেগে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। যদিও আগুনের প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়। দমকল সূত্রে আরও জানা গিয়েছে, আবাসনে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না। ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হচ্ছে।
