পুজোয় পাহাড়ে বেড়াতে গেলে বাড়তি চমক, দার্জিলিংয়ে বাড়ছে টয় ট্রেনের জয়রাইড

Must Read

ওয়েব ডেস্ক : পুজোর ছুটিতে দার্জিলিং (Darjeeling) যাওয়ার পরিকল্পনা থাকলে পর্যটকদের জন্য সুখবর। দুর্গাপুজোর (Durgapuja) মরশুমে পাহাড়ের ঐতিহ্যবাহী টয় ট্রেনে (Toy train) সফরের সুযোগ আরও বাড়তে চলেছে। পর্যটকদের বাড়তি ভিড় সামাল দিতে ১ অক্টোবর থেকে একাধিক বিশেষ জয়রাইড চালু করার সিদ্ধান্ত নিয়েছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে বা ডিএইচআর।

দার্জিলিং-ঘুম রুটে মোট চারটি একমুখী জয়রাইড (Joyride) চালানো হবে। এই পরিষেবাগুলিতে ডিজেলচালিত ইঞ্জিন ব্যবহার করা হবে। দার্জিলিং থেকে ঘুমের দিকে ট্রেন ছাড়বে সকাল ৯টা ২০ মিনিট এবং ১১টা ২৫ মিনিটে। ঘুম থেকে দার্জিলিং ফেরার পরিষেবা মিলবে সকাল ১০টা ২৫ মিনিট এবং দুপুর ১২টা ৩০ মিনিটে। প্রতিটি একমুখী যাত্রার জন্য যাত্রীপিছু ভাড়া রাখা হয়েছে ৮০০ টাকা।

আরও খবর : হিঙ্গলগঞ্জে আর্থিক প্রতারণার অভিযোগ, বাড়িতে টাকা চাইতে হাজির প্রতারিতরা, গ্রেফতার অভিযুক্ত

তবে পুজোর পর্যটকদের জন্য সবচেয়ে আকর্ষণীয় হতে পারে কার্শিয়াং-মহানদী রুটের বিশেষ পরিষেবা। এই পথে দু’টি রাউন্ড ট্রিপ চালানোর পরিকল্পনা রয়েছে। তার মধ্যে একটি বাষ্পচালিত হেরিটেজ ইঞ্জিনে চলবে এবং নাম দেওয়া হয়েছে ‘রেড পান্ডা’ (Red Panda)। পাহাড়ি রেলপথের ঐতিহ্যকে সামনে রেখে এই বিশেষ জয়রাইডের ভাড়া নির্ধারণ করা হয়েছে মাথাপিছু ১,৫৩০ টাকা।

অন্য রাউন্ড ট্রিপটির নাম ‘মুক্তধারা’ (Mukta Dhara)। এটি ডিজেল ইঞ্জিনে চলবে এবং কার্শিয়াং থেকে মহানদী হয়ে আবার কার্শিয়াংয়ে ফিরবে। এই পরিষেবায় যাত্রীপিছু খরচ হবে ১,০৩০ টাকা। ‘মুক্তধারা’ নামের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকর্ম এবং মহানদী এলাকার পাগলাঝোরা ঝরনার প্রাকৃতিক সৌন্দর্যের যোগ রয়েছে বলেও জানানো হয়েছে।

দুর্গাপুজোর দীর্ঘ ছুটিতে প্রতিবছরই উত্তরবঙ্গের পাহাড়ে পর্যটকদের ভিড় বাড়ে। দার্জিলিংয়ের টয় ট্রেন সেই আকর্ষণের অন্যতম কেন্দ্র। তাই নিয়মিত পরিষেবার পাশাপাশি অতিরিক্ত জয়রাইডের মাধ্যমে আরও বেশি পর্যটককে এই ঐতিহ্যবাহী রেলযাত্রার সুযোগ করে দিতে চাইছে ডিএইচআর। একইসঙ্গে চার্টার্ড টয় ট্রেনের চাহিদা মেটাতেও প্রস্তুতি চলছে।

Latest News

ইঞ্জিনে গোলমাল, মাঝআকাশে বিপদ! ১৮৬ যাত্রী নিয়ে চেন্নাইয়ে জরুরি অবতরণ মালয়েশিয়া এয়ারলাইন্সের

ওয়েব ডেস্ক : মাঝআকাশে ইঞ্জিনে সমস্যা। ১৮৬ জন যাত্রীকে নিয়ে জরুরি অবতরণ করতে হল মালয়েশিয়া এয়ারলাইন্সের (Malaysia Airlines) একটি...

More Articles Like This