বেজিংয়ে ডোভাল-ওয়াং বৈঠক, সীমান্ত নিয়ে ফের মুখোমুখি ভারত-চীন! অরুণাচল নিয়ে বাড়ছে নজর

Must Read

ওয়েব ডেস্ক : ভারত (India) ও চীনের (China) সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই মঙ্গলবার বেজিংয়ে (Beijing) মুখোমুখি হলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই। ভারত-চিন সীমান্ত সমস্যা নিয়ে দুই দেশের বিশেষ প্রতিনিধিদের মধ্যে ২৫তম দফার বৈঠক অনুষ্ঠিত হয়। পূর্ব লাদাখে ২০২০ সালের গালওয়ান সংঘর্ষের পর থেকে যে অস্থিরতা তৈরি হয়েছিল, তা অনেকটাই কমলেও সীমান্ত নিয়ে এখনও কাটেনি জটিলতা। সেই আবহেই ডোভাল-ওয়াংয়ের বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

দুই দিনের চিন সফরে গিয়েছেন অজিত ডোভাল (Ajit Doval)। ওয়াং ই (Wang Yi)-এর আমন্ত্রণেই তাঁর এই সফর। বৈঠকে সীমান্ত পরিস্থিতির পাশাপাশি ভারত-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বা এলএসি-তে শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখার বিষয়টি আলোচনায় গুরুত্ব পেয়েছে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও একাধিকবার স্পষ্ট করেছেন, সীমান্তে শান্তি না ফিরলে দু’দেশের সম্পর্ক স্বাভাবিক হওয়া কঠিন।

আরও খবর : পাটনায় নামার সময় এয়ার ইন্ডিয়ার বিমানে পাখির ধাক্কা, অল্পের জন্য বড় বিপদ এড়াল ১৬৪ যাত্রী

তবে অরুণাচল প্রদেশকে (Arunachal Pradesh) ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সাম্প্রতিক সময়ে ওই অঞ্চলে চীনা সেনার গতিবিধি এবং বিভিন্ন ধরনের তৎপরতার খবর সামনে এসেছে। অরুণাচলকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে চিন। ভারত অবশ্য বরাবরই সেই দাবি প্রত্যাখ্যান করে এসেছে এবং অরুণাচল প্রদেশকে দেশের অবিচ্ছেদ্য অংশ বলে জানিয়েছে। ফলে পূর্ব সেক্টরের পরিস্থিতি নিয়ে ডোভাল-ওয়াংয়ের আলোচনার দিকে বিশেষ নজর রয়েছে কূটনৈতিক মহলের।

এদিকে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে বসতে চলেছে ব্রিকস শীর্ষ সম্মেলন। সেখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং (Xi Jinping) যোগ দিতে পারেন বলে জল্পনা রয়েছে, যদিও বেজিং এখনও তাঁর সফর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। শি এলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে তাঁর বৈঠকের সম্ভাবনাও রয়েছে। সেই সম্ভাব্য বৈঠকের আগে ডোভাল ও ওয়াংয়ের এই আলোচনা ভারত-চীন সম্পর্কের ক্ষেত্রে নতুন কোনও কূটনৈতিক পথ খুলে দেয় কি না, এখন সেদিকেই নজর।

Latest News

ইঞ্জিনে গোলমাল, মাঝআকাশে বিপদ! ১৮৬ যাত্রী নিয়ে চেন্নাইয়ে জরুরি অবতরণ মালয়েশিয়া এয়ারলাইন্সের

ওয়েব ডেস্ক : মাঝআকাশে ইঞ্জিনে সমস্যা। ১৮৬ জন যাত্রীকে নিয়ে জরুরি অবতরণ করতে হল মালয়েশিয়া এয়ারলাইন্সের (Malaysia Airlines) একটি...

More Articles Like This