দিল্লিতে AIIMS-এ বিমান বসু, কলকাতায় হাসপাতালে মীরা ভট্টাচার্য, কেমন আছেন দু’জন?

Must Read

কলকাতা: একই দিনে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন রাজ্যের রাজনীতির দুই পরিচিত মুখ। দিল্লিতে AIIMS-এ ভর্তি বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু (Biman Basu)। অন্য দিকে, দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য (Mira Bhattacharya)। দু’জনের শারীরিক অবস্থাই আপাতত স্থিতিশীল বলে জানা গিয়েছে।

দলের কাজে শুক্রবার কলকাতা থেকে দিল্লি যাচ্ছিলেন ৮৭ বছরের বিমান। বিমানে থাকাকালীনই তিনি সামান্য অসুস্থ বোধ করেন। দিল্লি বিমানবন্দরে নামার পর সরাসরি একে গোপালন ভবনে যান তিনি। সেখানে চিকিৎসকের পরামর্শে পরীক্ষা করানো হলে শরীরে অক্সিজেনের ঘাটতি ধরা পড়ে। তাঁকে দ্রুত হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।

আরও খবর : ‘এবিভিপি বিজেপির শাখা সংগঠন নয়’, যাদবপুর বিতর্কে বড় বার্তা শমীক ভট্টাচার্যের

এর পর দলীয় কর্মীরা বিমানকে দিল্লির AIIMS-এ নিয়ে যান। হাসপাতালেও পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে অক্সিজেন দেওয়া হয় এবং পর্যবেক্ষণে রাখা হয়েছে। বামফ্রন্টের রাজ্য নেতৃত্বের দাবি, বিমান এখন স্থিতিশীল। নিয়মিত চেকআপের জন্যই তাঁকে কিছু সময় হাসপাতালে রাখা হয়েছে। শনিবার তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে বলেও খবর।

অন্য দিকে, শুক্রবার দুপুরে পেটে তীব্র ব্যথা এবং শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে যান মীরা ভট্টাচার্য। চিকিৎসকেরা তাঁর শারীরিক পরিস্থিতি দেখে তাঁকে ভর্তি করে নেন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর ফুসফুসে সংক্রমণ রয়েছে। বেশ কয়েক দিন ধরে কাশি, শ্বাসকষ্ট এবং সামান্য পেটব্যথায় ভুগছিলেন তিনি।

সত্তরোর্ধ্ব মীরা বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। শনিবার সকালে তাঁর কোলোনোস্কপি হওয়ার কথা। পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।

দু’জনের ক্ষেত্রেই আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেই সংশ্লিষ্ট সূত্রের বক্তব্য। তবে বয়স এবং শারীরিক পরিস্থিতির কথা মাথায় রেখে চিকিৎসকেরা পর্যবেক্ষণে কোনও ঢিল দিতে চাইছেন না।

Latest News

শেলটনের অবিশ্বাস্য জয়, ইউএস ওপেন থেকে বিদায় আলকারাজের

ওয়েব ডেস্ক: ইউএস ওপেনে (US Open 2026) সবথেকে বড় অঘটন হয়ে গেল। খেতাব জেতার এক নম্বর দাবিদার কার্লোস আলকারাজ...

More Articles Like This