সন্দেশখালি: সন্দেশখালিতে (Sandeshkhali) ফের গুলির অভিযোগ। উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) বসিরহাট (Basirhat) মহকুমার ন্যাজাট থানার খাস সাকদা এলাকায় মধ্যরাতে বিজেপি নেতা জুম্মান শেখের বাড়ি লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালানো হয়েছে বলে অভিযোগ। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।
অভিযোগ, রাত ১২টা নাগাদ এক দল দুষ্কৃতী পাশের মাঠ দিয়ে এসে জুম্মান শেখের বাড়ি ঘিরে ফেলে। সেই সময় বাড়ির সদস্যেরা ঘুমিয়ে ছিলেন। আচমকাই বাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। পর পর গুলির শব্দে আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের সদস্যেরা।
গুলির শব্দ শুনে আশপাশের বাড়ি থেকে স্থানীয়েরা বেরিয়ে আসতেই দুষ্কৃতীরা পাশের মাঠ দিয়ে পালিয়ে যায় বলে দাবি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ন্যাজাট থানার পুলিশ। বাড়ির বিভিন্ন জায়গা থেকে গুলির খোল উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
আরও খবর : ‘এবিভিপি বিজেপির শাখা সংগঠন নয়’, যাদবপুর বিতর্কে বড় বার্তা শমীক ভট্টাচার্যের
পুলিশ ঘটনাস্থল খতিয়ে দেখার পাশাপাশি গুলি কোথায় কোথায় লেগেছে, তা পরীক্ষা করছে। কারা এই ঘটনায় জড়িত, কী উদ্দেশ্যে গুলি চালানো হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। রাতের অন্ধকারে এই হামলার ঘটনায় এলাকায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
জুম্মান শেখ এবং তাঁর পরিবারের অভিযোগ, এই ঘটনার পিছনে শেখ শাহজাহান-ঘনিষ্ঠ দুষ্কৃতীদের হাত রয়েছে। তাঁদের দাবি, রাজনৈতিক পরিচয়ের কারণেই তাঁদের বাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। একই সঙ্গে বিজেপি কর্মী-সমর্থকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপের আবেদন জানিয়েছেন তাঁরা।
যদিও বিজেপি নেতার পরিবারের তরফে তোলা অভিযোগের সত্যতা এখনও যাচাই হয়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্ত এগোলেই হামলার নেপথ্যে কারা রয়েছে এবং কী কারণে এই গুলি চালানো হয়েছিল, সে বিষয়ে স্পষ্ট ছবি পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে।
