তৃতীয় সন্তানেও এক বছর মাতৃত্বকালীন ছুটি, বড় ঘোষণা তামিলনাড়ু সরকারের

Must Read

ওয়েব ডেস্ক: তৃতীয় সন্তানের জন্মেও এক বছর মাতৃত্বকালীন ছুটি পাবেন মহিলা সরকারি কর্মীরা। এমনই বড় সিদ্ধান্ত নিল তামিলনাড়ু (Tamil Nadu) সরকার। এত দিন প্রথম ও দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটির সুবিধা মিলত। কিন্তু তৃতীয় সন্তানের ক্ষেত্রে ছুটির মেয়াদ ছিল মাত্র ১২ সপ্তাহ। এ বার সেই নিয়মেই বদল আনা হচ্ছে।

সম্প্রতি তামিলনাড়ু বিধানসভায় এই সিদ্ধান্তের কথা জানান মানবসম্পদ ব্যবস্থাপনা মন্ত্রী ডি শরৎকুমার। তিনি জানান, মহিলা সরকারি কর্মীদের জন্য তৃতীয় সন্তানের ক্ষেত্রেও মাতৃত্বকালীন ছুটির মেয়াদ ১২ সপ্তাহ থেকে বাড়িয়ে ৩৬৫ দিন করা হবে। সরকারের দাবি, এর ফলে মাতৃত্বকালীন সুবিধার ক্ষেত্রে বৈষম্য কমবে। পাশাপাশি কর্মক্ষেত্রে মহিলাদের সমান সুযোগ এবং সামাজিক সুরক্ষাও আরও শক্তিশালী হবে।

আরও খবর : সংগঠনের নেতা ও বিধায়কদের উদ্দেশে কড়া বার্তা দিলেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য

তামিলনাড়ুতে বর্তমানে প্রথম ও দ্বিতীয় সন্তানের জন্মের ক্ষেত্রে মহিলা সরকারি কর্মীরা এক বছর মাতৃত্বকালীন ছুটি পেয়ে থাকেন। তৃতীয় সন্তানের ক্ষেত্রে সেই সুবিধা কমিয়ে দেওয়া হয়েছিল। নতুন সিদ্ধান্ত কার্যকর হলে সেই বৈষম্য আর থাকবে না।

সরকারের এই ঘোষণার সময় রাজ্যের জনসংখ্যার পরিবর্তন নিয়েও আলোচনা শুরু হয়েছে। স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী, তামিলনাড়ুর মোট প্রজনন হার ১.৪-এর নীচে নেমে গিয়েছে। জনসংখ্যার স্থিতিশীলতার জন্য প্রয়োজনীয় ২.১-এর তুলনায় যা অনেকটাই কম। একই সঙ্গে রাজ্যে বয়স্ক জনসংখ্যার হারও বাড়ছে। মোট জনসংখ্যার প্রায় ১৬ শতাংশের বয়স ৬০ বছরের বেশি।

এই পরিস্থিতিতে তৃতীয় সন্তানের ক্ষেত্রে মাতৃত্বকালীন ছুটি বাড়ানোর সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। দক্ষিণের একাধিক রাজ্যে কমতে থাকা জন্মহার এবং জনসংখ্যার ভারসাম্য নিয়ে ইতিমধ্যেই আলোচনা চলছে। তামিলনাড়ু সরকারের এই পদক্ষেপ সেই বৃহত্তর জনসংখ্যাগত উদ্বেগের প্রেক্ষাপটেও নতুন করে নজর কেড়েছে।

Latest News

বাসে আগুন, ককটেল বিস্ফোরণ, ঝটিকা মিছিল! বাংলাদেশে অশান্তির আবহ, আটক ৫১৫

ওয়েব ডেস্ক : বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ এবং ঝটিকা মিছিলের ঘটনায় উত্তপ্ত বাংলাদেশের (Bangladesh) পরিস্থিতি। জানা যাচ্ছে , ঢাকা-সহ...

More Articles Like This