ওয়েব ডেস্ক : দীর্ঘদিন ধরে আটকে থাকা বকেয়া মহার্ঘ্য ভাতার (DA) টাকা এবার ধাপে ধাপে অ্যাকাউন্টে পৌঁছতে শুরু করেছে। গত সপ্তাহের শেষ দিক থেকে কলকাতা পুরসভা এলাকার বিভিন্ন ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকা পেনশনভোগীদের একাংশের অ্যাকাউন্টে টাকা জমা পড়েছে বলে জানা গিয়েছে। সরকারি সূত্র উদ্ধৃত করে প্রায় ৭ হাজারের বেশি পেনশনভোগীর টাকা পাওয়ার কথা জানিয়েছেন বকেয়া ডিএ মামলার আবেদনকারী সংগঠনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়।
কলকাতার ক্ষেত্রে বকেয়া টাকা মেটানোর প্রক্রিয়াটি এতদিন আটকে ছিল মূলত হিসাব সংক্রান্ত সমস্যায়। অর্থ দফতর এবং ব্যাঙ্কগুলির মধ্যে পাওনা টাকার হিসাব নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। পরে প্রিন্সিপাল অ্যাকাউন্ট্যান্ট জেনারেল অফিস বিষয়টিতে হস্তক্ষেপ করে। অর্থ দফতর ও ব্যাঙ্কগুলির মধ্যে বৈঠকের পর সেই জটিলতা কাটানোর উদ্যোগ নেওয়া হয়। জানা যাচ্ছে, কলকাতার সাতটি ব্যাঙ্কে থাকা প্রায় ২৩ হাজার পেনশনভোগী এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত।
আরও খবর : অন্নপূর্ণার টাকা এল না অ্যাকাউন্টে? নাম বাদ পড়ার কারণ জানার সুযোগ, ১৯ আগস্ট থেকে খুলছে পোর্টাল
গত ৭ জুলাই অর্থ দফতরের তরফে বিজ্ঞপ্তি দিয়ে বকেয়া ডিএ-র (DA) অর্ধেক মেটানোর কথা জানানো হয়েছিল। কিন্তু ঘোষণার পরও অনেকের অ্যাকাউন্টে টাকা না আসায় তৈরি হয়েছিল অনিশ্চয়তা। শেষ পর্যন্ত টাকা ঢুকতে শুরু করায় সেই অপেক্ষার অবসান হচ্ছে। যদিও কলকাতার বাইরের বেশ কিছু পেনশনভোগী এর আগেই দুই দফায় তাঁদের সম্পূর্ণ বকেয়া ডিএ পেয়েছেন বলে জানা গিয়েছে।
তবে বকেয়া ডিএ (DA) নিয়ে এখনও পুরোপুরি মেটেনি জটিলতা। ইন্দু মালহোত্রা কমিটির রিপোর্ট অনুযায়ী, রাজ্যের ৮০ হাজারের বেশি পেনশনভোগীর টাকা এখনও বাকি। বকেয়া অর্থের অঙ্ক ৬০০ কোটি টাকারও বেশি। রাজ্যের বাইরে চলে যাওয়া ১,৫৯৬ জন অবসরপ্রাপ্ত কর্মীর পাওনাও এখনও মেটেনি। এর পাশাপাশি গ্রান্ট-ইন-এইড সংস্থার অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া ডিএ নিয়েও অপেক্ষা চলছে। এরই মধ্যে ১৮ আগস্ট সুপ্রিম কোর্টে ফের শুনানি হওয়ার কথা রয়েছে। এদিকে মামলাটির সঙ্গে যুক্ত এক বিচারপতি চলতি মাসেই অবসর নিতে চলেছেন। ফলে মঙ্গলবারের শুনানিকে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট পেনশন প্রাপকরা।
