ওয়েব ডেস্ক : রিচার্জের খরচ নিয়ে গ্রাহকদের দুশ্চিন্তার মধ্যেই নতুন করে জিও প্রাইম মেম্বারশিপ (Jio Prime Membership) ফিরিয়ে আনল রিলায়েন্স জিও (Reliance Jio)। একবার ৩০০ টাকা দিয়ে সদস্যপদ নিলে যোগ্য প্রিপেড ও পোস্টপেড প্ল্যানের বর্তমান দাম নির্দিষ্ট সময় পর্যন্ত সুরক্ষিত থাকবে। অর্থাৎ, সেই সময়ের মধ্যে ট্যারিফ বাড়লেও সদস্যরা পুরনো দামে সংশ্লিষ্ট প্ল্যান রিচার্জ করতে পারবেন।
জিও’র (Jio) এই সদস্যপদ শুধু পুরনো গ্রাহকদের জন্য নয়। সংস্থার প্রিপেড ও পোস্টপেড গ্রাহকরা এটি নিতে পারবেন। অন্য টেলিকম সংস্থার গ্রাহকরাও নম্বর জিওতে পোর্ট করে অথবা নতুন জিও সংযোগ নিয়ে এই সুবিধার আওতায় আসতে পারবেন। মূল্য সুরক্ষার সুবিধাটি ৫ সেপ্টেম্বর ২০২৭ পর্যন্ত কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।
আরও খবর : দশ বছর পর ‘Instagram’ লেখার ধরন বদলাল! নতুন লোগো দেখে ‘Instagzam’ বলছেন নেটাগরিকেরা
তবে শুধু রিচার্জের দাম আটকে রাখাই নয়, সদস্যদের জন্য অতিরিক্ত সুবিধাও রয়েছে। ৩০০ টাকার একটি ভাউচার পাওয়া যাবে নতুন জিওহোম বা জিওপিসি সংযোগ নেওয়ার ক্ষেত্রে। আবার বন্ধু বা পরিবারের সদস্যের জন্য নতুন জিও সিম সংযোগ নিলেও আরও ৩০০ টাকার ভাউচার পাওয়ার সুযোগ রয়েছে। অর্থাৎ মোট ৬০০ টাকা পর্যন্ত ভাউচারের সুবিধা মিলতে পারে।
জিও প্রাইম সদস্যদের জন্য থাকছে অগ্রাধিকার ভিত্তিতে গ্রাহক পরিষেবা এবং নতুন পণ্য, পরিষেবা ও পরীক্ষামূলক সুবিধায় আগাম প্রবেশের সুযোগ। মাইজিও অ্যাপ, জিওর ওয়েবসাইট, জিও স্টোর এবং অনুমোদিত পার্টনার স্টোরের মাধ্যমে সদস্যপদ নেওয়া যাবে বলে জানিয়েছে সংস্থা।
